Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত! সরকারি আমলাকে হুমকির ‘অভিযোগ’, বৈশ্বানরকে থানায় টানল পুলিশ!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও কলকাতা পুরসভার রাশ এখনও রয়েছে তৃণমূলের হাতেই। কিন্তু ক্ষমতার এই নতুন সমীকরণের মাঝেই এবার খোদ পুরসভার অন্দরে ঘটে গেল এক চরম নজিরবিহীন কাণ্ড। পুর-ক্ষমতায় থাকা তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়কে নিউ মার্কেট থানায় তলব করায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খোদ পুরসভার সচিবকে হেনস্থা করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে পুরসভার শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে। গত শুক্রবার ঠিক কী এমন ঘটল, যার জেরে পুরসভার অন্দরে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো?

শুক্রবার নির্ধারিত মাসিক অধিবেশনের দিন কলকাতা পুরসভার মূল অধিবেশন কক্ষটি আচমকা সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়।মূল কক্ষ বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কাউন্সিলররা। পুরসভার ক্ষমতার রাশ নিজেদের হাতে থাকায় তাঁরা নিয়ম ভেঙে অধিবেশন কক্ষের বাইরেই একপ্রকার সমান্তরাল ‘হাউস’ বসিয়ে কার্য পরিচালনা শুরু করেন। এই চরম অচলাবস্থার দায় চাপিয়ে তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একদল কাউন্সিলর সোজা পুরসভার সচিবের ঘরে গিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ উঠেছে, এই বিক্ষোভ চলাকালীন খোদ পুরসচিবকে তীব্র হেনস্থা ও মানসিক চাপের মুখে পড়তে হয়। সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা ও হেনস্থার এই ঘটনায় শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হতে হয় এবং পুলিশ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায়।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা বদলের পর প্রশাসন ও আইনের রাশ যে শক্ত হাতে ধরা হচ্ছে এবং আইনের চোখে যে কোনো ভেদাভেদ নেই, পুলিশের এই নিরপেক্ষ ও দ্রুত পদক্ষেপ সেটাই প্রমাণ করছে। পুরসভায় ক্ষমতায় থাকলেও সরকারি আমলা ও সচিবদের সাথে জনপ্রতিনিধিদের এই স্তরের সংঘাত ও থানায় তলবের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আইনের ঊর্ধ্বে যে কেউ নন—তা স্পষ্ট করে দিয়ে প্রশাসনের অন্দরে থাকা চরম সমন্বয়হীনতা এবং বিশৃঙ্খলাই সাধারণ মানুষের সামনে আরও একবার বেআব্রু হয়ে পড়লো বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Exit mobile version