Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ধর্মতলায় অনুমতি ছাড়া মঞ্চের মাপজোক: কুণাল, দোলা ও বৈশ্বানরের বিরুদ্ধে FIR, জারি হচ্ছে আইনি নোটিশ!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২১শে জুলাইয়ের সমাবেশের তোড়জোড় শুরু হতেই আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পুলিশের চূড়ান্ত অনুমতি মেলার আগেই ধর্মতলার মতো ব্যস্ত রাস্তায় ফিতে দিয়ে মঞ্চের মাপজোক করার অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং দলীয় নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেন্ট্রাল ডিভিশনের হেয়ার স্ট্রিট থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর নির্দিষ্ট ধারায় সাধারণ মানুষের পথ অবরোধ এবং যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা রুজু করেছে পুলিশ।

হেয়ার স্ট্রিট থানা সূত্রে জানা গিয়েছে, সোমবার (২৯শে জুন) পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে: গত রবিবার (২৮শে জুন) দুপুর ২:৫০ থেকে বিকেল ৪:০০টের মধ্যে ধর্মতলার বেন্টিঙ্ক স্ট্রিট ও ভিক্টোরিয়া হাউসের সামনে আচমকাই হাজির হন কুণাল ঘোষ ও দোলা সেনরা। পুলিশের কাছে সভার কোনো চূড়ান্ত লিখিত অনুমতি বা ‘এনওসি’ (NOC) না থাকা সত্ত্বেও তাঁরা ফিতে ও দড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েন এবং মঞ্চের জায়গা মাপতে শুরু করেন। রবিবারের ব্যস্ত সময়ে ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ মোড়ে এই জমায়েত ও মাপজোকের জেরে মুহূর্তের মধ্যে ট্রাফিক স্তব্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রী ও পথচারীরা।

ট্রাফিক আইন ভঙ্গ এবং রাস্তা আটকে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে এই তিন নেতার বিরুদ্ধে নোটিশ পাঠানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী তাঁদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে এফআইআর দায়েরের খবর সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। পুলিশের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, “২১শে জুলাই আমাদের আবেগের দিন। যেখানে আমাদের কর্মীরা শহিদ হয়েছিলেন, সেখানে মঞ্চ বাঁধার প্রস্তুতি হিসেবে আমরা সামান্য আধ বেলার জন্য ফিতে দিয়ে জায়গা মেপে দেখেছি। আমরা পুলিশের কাছে ইতিমধ্যেই লিখিত অনুমতি চেয়ে আবেদন করেছি।” রেড রোডে যোগাসনের জন্য রাস্তা বন্ধ রাখার প্রসঙ্গ টেনে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র তৃণমূলের কর্মসূচির ক্ষেত্রেই পুলিশ এত তৎপরতা দেখাচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বছর ২১শে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ নিয়ে তৃণমূলের অন্দরে নজিরবিহীন ডামাডোল চলছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ‘কালীঘাট তৃণমূল’ এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘বিদ্রোহী তৃণমূল’ শিবিরের মধ্যে কার সমাবেশ আসল—তা নিয়ে জোর লড়াই শুরু হয়েছে। এই আবহে বেন্টিঙ্ক স্ট্রিটে মঞ্চ বাঁধার রেষারেষি এবং তার জেরে পুলিশের এই এফআইআর কলকাতার রাজনৈতিক পরিস্থিতিকে আরও কয়েক ডিগ্রি উত্তপ্ত করে তুলল।

Exit mobile version