প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শহর কলকাতা মানেই তো ইতিহাস, শহর কলকাতা মানেই তো শিকড়ের টান। কিন্তু সময়ের সরণি বেয়ে এই শহরের বুকে এমন কিছু নাম চেপে বসেছিল, যার সাথে বাংলার মাটি বা বাঙালির ঐতিহ্যের আদৌ কোনো যোগসূত্র ছিল কি না—তা নিয়ে প্রশ্ন ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই ইতিহাসকে সম্মান জানাতে এবং নিত্যযাত্রীদের বিভ্রান্তি কাটাতে এক যুগান্তকারী ও প্রশংসনীয় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার গঠিত ‘রোড রিনেমিং কমিটি’ (রাস্তা নামকরণ সংক্রান্ত উপদেষ্টা সমিতি)। শুক্রবার (২৭ নভেম্বর) কলকাতা পুরসভায় কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ (কার্তিক মহারাজ), প্রাক্তন রাজ্যপাল তথা কমিটির সদস্য তথাগত রায়, মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত এবং কলকাতা পুরসভার প্রশাসক/কমিশনার স্মিতা পাণ্ডের উপস্থিতিতে শহরের রাস্তা ও মেট্রো স্টেশনের নামকরণ নিয়ে একগুচ্ছ ঐতিহাসিক প্রস্তাব উঠে এসেছে।
নিত্যযাত্রীদের সুবিধার্থে এবার এক অত্যন্ত বাস্তবসম্মত সিদ্ধান্তের পথে হাঁটছে কমিটি। মনীষীদের নামের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছিল এলাকার আসল পরিচয়, যা নিয়ে প্রতিদিনই সমস্যায় পড়তেন সাধারণ মানুষ ও ভিনরাজ্যের যাত্রীরা। বৈঠক শেষে কমিটির অন্যতম সদস্য তথাগত রায় জানান, মেট্রো স্টেশনগুলির নাম এলাকার ভৌগোলিক পরিচয় অনুযায়ী রাখার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। ওয়াকিবহাল মহল ও সাধারণ যাত্রীদের মতে, এটি অত্যন্ত সময়োপযোগী একটি ভাবনা। কারণ, টালিগঞ্জ বা ভবানীপুরের মতো ঐতিহ্যবাহী জায়গার নাম বদলে যাওয়ায় বহু মানুষ বিভ্রান্ত হতেন। প্রস্তাব অনুযায়ী: মহানায়ক উত্তম কুমার স্টেশন ফিরে পেতে পারে তার পুরনো পরিচয়— টালিগঞ্জ। নেতাজি ভবন স্টেশনের নাম ফের ভবানীপুর করার প্রস্তাব রাখা হয়েছে। মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), এছাড়াও মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া মোড়), কবি সুভাষ (নিউ গড়িয়া) এবং রুবি ও মুকুন্দপুর চত্বরের স্টেশনগুলিও এলাকার নামেই চিহ্নিত করার সুপারিশ করা হচ্ছে। (ইতিমধ্যেই ১৩টিরও বেশি স্টেশনের নামের তালিকা নিয়ে আলোচনা হয়েছে)।
শহরের বুকে বিদেশি রাষ্ট্রনেতাদের নামাঙ্কিত রাস্তাগুলি নিয়েও এবার বড়সড় রদবদলের প্রস্তাব এসেছে কমিটির কাছে। লেনিন সরণি এবং হো চি মিন সরণির মতো রাস্তাগুলির নাম পরিবর্তন করে বাংলার নিজস্ব মনীষী ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম রাখার জোরালো প্রস্তাব গৃহীত হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গৌরবের বিষয় হলো, গঙ্গার পাড়ের ঐতিহাসিক স্ট্র্যান্ড রোডের (Strand Road) নাম পরিবর্তন করে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ‘সম্রাট শশাঙ্ক’-এর নামে করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলার বিস্মৃতপ্রায় গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন ইতিহাসপ্রেমী ও নাগরিক সমাজের একাংশ। পাশাপাশি, বিশ্ব বাংলা সরণির নাম বদলে বিশ্ববরেণ্য বাঙালি বিজ্ঞানী ‘সত্যেন বোস সরণি’ করার প্রস্তাবও এসেছে কমিটির কাছে—যা বাংলার বিজ্ঞান ও মেধাকে এক অনন্য শ্রদ্ধার্ঘ্য বলেই মনে করছেন অনেকে।
শুধু নাম বদলই নয়, নামের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত ইতিহাস খুঁজে বের করার এক অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বৈঠকে প্রশ্ন ওঠে, দক্ষিণ কলকাতার অত্যন্ত পরিচিত ‘হাজরা রোড’-এর এই ‘হাজরা’ আসলে কে? বাংলার ইতিহাস বা স্বাধীনতা সংগ্রামের সাথে তাঁর যোগসূত্র কতটা? পুরসভার তরফে এই বিষয়ে যথাযথ ঐতিহাসিক অনুসন্ধান চালানো হবে বলে জানানো হয়েছে। ইতিহাসকে যাচাই করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এই পদ্ধতি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে শহরের ১৬টি গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আরও ৩৬টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব কমিটির হাতে এসেছে। আগামী ৯ ডিসেম্বর কমিটির পরবর্তী বৈঠক বসবে। সেখানেই সমস্ত প্রস্তাব ও জনমত খতিয়ে দেখে চূড়ান্ত সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। নগর পরিকল্পনাবিদ এবং শহরের সচেতন নাগরিকদের একটা বড় অংশের মতে, ঔপনিবেশিক বা আরোপিত নামের ঘেরাটোপ কাটিয়ে তিলোত্তমাকে তার নিজস্ব শিকড়, ইতিহাস এবং সাধারণ মানুষের ব্যবহারিক সুবিধার সাথে যুক্ত করার এই উদ্যোগ সত্যিই এক ইতিবাচক ও সাহসী পদক্ষেপ।
