Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দিল্লির দরবারে বাংলার জয়জয়কার! ৪৯ বছরের খরা কাটিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়তে চলেছে কলকাতা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ইতিহাসের চাকা ঘুরছে, আর সেই ঘূর্ণনের সাথেই বদলে যাচ্ছে বাংলার মানচিত্র। দীর্ঘ কয়েক দশক ধরে দিল্লি আর কলকাতার মধ্যে যে অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছিল, আজ যেন এক লহমায় তা ভেঙে গুঁড়িয়ে গেল। স্বাধীনতার পর এই প্রথমবার, ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মহাযজ্ঞ— ১৯তম প্রবাসী ভারতীয় দিবস (Pravasi Bharatiya Divas)-এর রাজকীয় আসর বসতে চলেছে খোদ তিলোত্তমা কলকাতার বুকে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজধানীর বুকে, নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে এক অনন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী— দুই নেতার যৌথ হাত ধরে আনুষ্ঠানিক পথচলা শুরু হলো এই মেগা সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইট (pbdindia.gov.in) এবং ডিজিটাল পোর্টালের। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ২০২৭— টানা তিন দিন ধরে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের মিলনমেলায় মুখরিত হয়ে উঠবে সিটি অফ জয়।

কেন এতদিন এমন বিশ্বমানের সম্মেলন থেকে বঞ্চিত ছিল বাংলা? এদিন দিল্লির মঞ্চে দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তরটা খুব স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মনে করিয়ে দেন, দীর্ঘ ৪৯ বছর ধরে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার না থাকায় এবং পূর্বতন শাসকদের সদিচ্ছা ও দূরদর্শিতার অভাবেই পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলা এমন সুযোগ হাতছাড়া করেছে। কিন্তু আজকের ছবিটা সম্পূর্ণ আলাদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কম কথা, বেশি কাজ’ (Less talk, more work) নীতিকে পাথেয় করেই কেন্দ্র ও রাজ্যের অভূতপূর্ব বোঝাপড়ায় বাংলা পেল এই বিরল সম্মান। অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও মুক্তকণ্ঠে কুর্নিশ জানিয়েছেন কলকাতার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে। তাঁর কথায়, প্রবাসী ভারতীয়রা হলেন ভারত ও বিশ্বের মধ্যে এক ‘জীবন্ত সেতু’ (Living Bridge)। একসময় এই কলকাতার বন্দর থেকেই হাজার হাজার ভারতীয় মরিশাস, ফিজি কিংবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন— সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভারতের ভাষা, সংস্কৃতি ও আত্মাকে। তাই শিকড়ের টানে প্রবাসীদের ঘরে ফেরার জন্য কলকাতার চেয়ে উপযুক্ত স্থান আর কী হতে পারে!

১৯তম প্রবাসী ভারতীয় দিবসের মূল সুর বাঁধা হয়েছে— ‘ফ্রম রুটস টু রিটার্ন: রিইগনাইটিং ডায়াস্পোরা কানেক্ট উইথ ভারত’ (From Roots to Return: Reigniting Diaspora Connect with Bharat)। অর্থাৎ, শিকড়ের টানে মাতৃভূমির সঙ্গে প্রবাসীদের আত্মিক পুনর্মিলন। ৭ জানুয়ারি ‘যুব প্রবাসী ভারতীয় দিবস’-এর মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের পর্দা উঠবে। মূল সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ৯ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি প্রবাসীদের হাতে মর্যাদাপূর্ণ ‘প্রবাসী ভারতীয় সম্মান’ তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন চালু হওয়া ওয়েবসাইটে প্রবাসীদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে কলকাতায় থাকা-খাওয়া, ভ্রমণ প্যাকেজ এবং বাংলার ঐতিহ্যবাহী স্থান দর্শনের যাবতীয় তথ্য এক ক্লিকেই মিলবে। পাশাপাশি চালু হয়েছে ‘ভারত কো জানিয়ে’ (Bharat Ko Janiye) নামক একটি বিশেষ ডিজিটাল কুইজ (bkjquiz.com), যা ১১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। এই কুইজের বিজয়ীরা ১০ দিনের জন্য ভারত ভ্রমণের পাশাপাশি কলকাতার এই ঐতিহাসিক সম্মেলনে যোগ দেওয়ার বিরল সুযোগ পাবেন। সব মিলিয়ে, শীতের কলকাতায় জানুয়ারির শুরুতেই বসতে চলেছে বিশ্ববাঙালি ও প্রবাসী ভারতীয়দের এক মহামিলন ক্ষেত্র। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, কিংবা বাংলার শিল্প ও সংস্কৃতি— গোটা বিশ্বের দরবারে নতুন করে নিজেকে মেলে ধরতে এখন থেকেই প্রস্তুত হচ্ছে বাংলা।

Exit mobile version