Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কলকাতায় আজ বিজেপির মেগা বৈঠক; সায়াহ্নেই স্পষ্ট হতে পারে বাংলার আগামী রাজনৈতিক রূপরেখা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬-এর বিধানসভা নির্বাচনে জনমতের রায়ের পর আজ রাজ্য রাজনীতির ভরকেন্দ্র হতে চলেছে কলকাতা। আজ বিকেল ৪ টেয় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এই বৈঠকেই দলের পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

আজকের এই উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতেই দলের বিজয়ী বিধায়করা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই নির্বাচন পর্ব পরিচালনা করতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

নির্বাচনী ফলাফলে নজিরবিহীন সাফল্যের পর থেকেই জল্পনা তুঙ্গে—কে হবেন পরিষদীয় দলের প্রধান? বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞতার নিরিখে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের মতো নামগুলো আলোচনায় থাকলেও, দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি। আজকের বৈঠকে বিধায়কদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।

আজকের বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই আগামীকাল ৯ মে ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তন বাংলার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং আজকের বৈঠক সেই নতুন পথচলারই প্রথম ধাপ।

Exit mobile version