প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বর্তমান সময়ে রাজনীতির ময়দান যেন সরে এসেছে ফেসবুকের ওয়াল আর টেলিভিশনের ব্রেকিং নিউজে। জনসংযোগ বা রাজপথের আন্দোলনের চেয়েও একশ্রেণির নেতার কাছে এখন বেশি জরুরি হয়ে উঠেছে—কীভাবে সংবাদ শিরোনামে ভেসে থাকা যায়! রাজ্যে ক্ষমতা হারানোর পর প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলের প্রধান কাজ হওয়া উচিত ছিল শাসকদল বিজেপির বিরুদ্ধে মানুষের দাবি আদায়ের লড়াই গড়ে তোলা। কিন্তু তার বদলে বৃহস্পতিবার দিনভর রাজ্যবাসীকে সস্তার বিনোদন উপহার দিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বিতর্কের চিত্রনাট্যটা ছিল বেশ সাজানো। গতকাল সমাজমাধ্যমে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে সুদীপকে ‘জঘন্য দাদা’ বলে বিতর্কের সলতে পাকিয়েছিলেন কুণাল। প্রত্যাশিতভাবেই সংবাদমাধ্যমে তার প্রতিক্রিয়া দিয়ে কুণালকে ‘ভাই বা দেওর হওয়ার অযোগ্য’ বলে পাল্টা আক্রমণ করেন নয়না। পাশাপাশি, কুণালের পুরনো ‘বডিশেমিং’, ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ এবং সুদীপের গলায় ‘রজনীগন্ধার মালা’ পরানোর হুমকির প্রসঙ্গও টেনে আনেন তিনি। আর দিনশেষে কুণাল ফের ক্যামেরার সামনে বাইট দিয়ে গোটা বিষয়টিকে ‘গভীর ভালোবাসার খুনসুটি’ এবং ‘পতির পুণ্যে সতীর পুণ্য’ বলে জিইয়ে রাখলেন!
পর্যবেক্ষকদের মতে, গোটা ঘটনাটিই যেন এক সুপরিকল্পিত ‘ভাইরাল হওয়ার রাজনীতি’। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভেঙে এনসিপিআই (NCPI)-তে যোগ দিয়ে কেন্দ্রে বিজেপির শরিক হয়েছেন, অন্যদিকে তাঁর স্ত্রী নয়না এখনও তৃণমূলের বিধায়ক পদে রয়ে গিয়েছেন—এই দ্বিমুখী অবস্থান নিয়ে কোনো স্পষ্ট জবাব নেই। আবার কুণাল ঘোষও পুরনো ছবি পোস্ট করে ব্যক্তিগত আক্রমণ শানিয়ে সংবাদমাধ্যমের ‘টিআরপি’ কুড়োতে ব্যস্ত।
আমজনতার প্রশ্ন, রাজ্যের বেকারত্ব, শিল্পায়ন বা দৈনন্দিন নাগরিক সমস্যার কথা ভুলে নেতারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মান-অভিমানের ‘মেগা সিরিয়াল’ চালাচ্ছেন, তাতে সাধারণ মানুষের কী লাভ? আসল রাজনৈতিক লড়াই থেকে নজর ঘোরাতেই কি তবে এই সুপরিকল্পিত সোশ্যাল মিডিয়া ড্রামা—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
