Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ থেকে ‘রজনীগন্ধার মালা’! কুণাল-নয়না-সুদীপের বাকযুদ্ধে তলানিতে রাজনীতির শালীনতা?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভার অন্দরে যাঁদের রাজ্যের আইন প্রণয়ন করার কথা, জনগণের প্রতিনিধি হিসেবে যাঁদের আচরণ হওয়া উচিত সংযত ও মার্জিত—তাঁরাই যখন প্রকাশ্যে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণে মেতে ওঠেন, তখন সংসদীয় গণতন্ত্রের গরিমা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য বাকযুদ্ধ বঙ্গ রাজনীতির সেই লজ্জাজনক অধ্যায়কেই আরও একবার সামনে আনল।

রাজনীতির ময়দানে মতপার্থক্য থাকতেই পারে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে ‘এনসিপিআই’ (NCPI)-তে যোগ দিয়েছেন এবং কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটের শরিক হয়েছেন—তা নিয়ে রাজনৈতিক সমালোচনা হতেই পারে। কিন্তু সমালোচনার ভাষা যখন ‘বডিশেমিং’ কিংবা ‘রজনীগন্ধার মালা’ পরানোর হুমকিতে গিয়ে পৌঁছায়, তখন তা আর রাজনৈতিক লড়াই থাকে না। খোদ বিরোধী দল তৃণমূলেরই বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে দাঁড়িয়ে তাঁরই দলের আরেক বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণের অভিযোগ তুলেছেন। নয়নার ক্ষোভ, অতীতে কুণাল তাঁদের দম্পতিকে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ এবং তাঁকে ব্যক্তিগতভাবে ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বলে অপমান করেছিলেন। শুধু তাই নয়, প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কুণালের ‘রজনীগন্ধার মালা’ দেওয়ার পুরনো মন্তব্যকেও তীব্র ভর্ৎসনা করেছেন তিনি। আশ্চর্যের বিষয় হলো, এই গুরুতর অভিযোগের পরও বিন্দুমাত্র অনুতাপ নেই কুণাল ঘোষের গলায়। বৃহস্পতিবার নয়নার সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে সুদীপকে ‘জঘন্য দাদা’ বলার পর, নয়নার পাল্টা আক্রমণের জবাবে কুণাল একে ‘গভীর ভালোবাসা থেকে খুনসুটি’ বলে দাগিয়েছেন!

নাগরিক সমাজের প্রশ্ন, প্রকাশ্যে একজন মহিলা জনপ্রতিনিধির চেহারা নিয়ে কটাক্ষ করা এবং তাঁর স্বামীর গলায় ‘রজনীগন্ধার মালা’ পরানোর কথা বলা—এসবই কি তবে বর্তমান রাজনীতির ‘খুনসুটি’? রাজ্যে ক্ষমতা হারানোর পর বিরোধী দলের বিধায়কদের মুখের ভাষা ও শালীনতা যদি এই তলানিতে গিয়ে ঠেকে, তবে সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের কাছ থেকে কী শিখবেন? ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে নেতারা যেভাবে রাজনীতির গাম্ভীর্য নষ্ট করছেন, তাতে আখেরে গোটা রাজনৈতিক ব্যবস্থার ওপরই মানুষের বীতশ্রদ্ধা বাড়ছে।

Exit mobile version