প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভার অন্দরে ‘বিরোধী দলনেতা’ (Leader of the Opposition) কে হবেন—এই প্রশ্নে দীর্ঘ কয়েক মাস ধরে চলা আইনি ও রাজনৈতিক টানাপোড়েনে আজ বড়সড় ধাক্কা খেলেন বিদ্রোহী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর গত ৩ জুনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। আদালতের এই নির্দেশের ফলে আপাতত বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলের মুখ্য সচেতকের পদ হারালেন বিধায়ক আখরুজ্জামান। পাশাপাশি, আগামী ১০ দিনের মধ্যে আইন মেনে বিষয়টি পুনর্বিবেচনা করে অধ্যক্ষকে নতুন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আর আদালতের এই রায় সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ব্যঙ্গাত্মক ভাষায় বিদ্রোহী শিবিরকে আক্রমণ শানালেন মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। কারও নাম সরাসরি না নিলেও, তাঁর ফেসবুক পোস্টের নিশানায় যে সদ্য পদ হারানো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন, তা বুঝতে কারও অসুবিধা হয়নি কিন্তু প্রশ্ন উঠছে—এই যে প্রকাশ্যে ‘বালিশ’ আর ‘তুলো’ নিয়ে কাদা ছোড়াছুড়ি, তাতে আদতে কার লাভ হচ্ছে? সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরকারকে চাপে ফেলার বদলে নিজেদের চেয়ার বাঁচাতেই কি ব্যস্ত হয়ে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল?
শুক্রবার দুপুরে হাইকোর্টের রায় ঘোষণার পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত অথচ মারাত্মক খোঁচা দেওয়া পোস্ট করেন কুণাল ঘোষ। হাসির ইমোজি জুড়ে দিয়ে তিনি লেখেন—“কী রে চাটন! বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল।”
পরবর্তীকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। এই রায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের ‘আইনি ও নৈতিক জয়’ বলে দাবি করে কুণাল ঘোষ বলেন, “মহামান্য হাইকোর্টের নির্দেশে বালিশের তুলো বেরিয়ে গিয়েছে।” তাঁর বক্তব্য, দলের মূল নেতৃত্বের সিদ্ধান্তকে উপেক্ষা করে এবং সাংবিধানিক প্রথা ভেঙে যেভাবে ওই পদ দখল করা হয়েছিল, আদালতের রায়ে তার আসল চেহারাটা সামনে চলে এলো।
ঘটনার সূত্রপাত চলতি বছরের বিধানসভা নির্বাচনের পর। ২৯৪ আসনের বিধানসভায় তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জেতার পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ৯ মে স্পিকারকে চিঠি দিয়ে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই চিঠিতে সই জাল করার পাল্টা অভিযোগ তুলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে তৃণমূলের ৫৮ জন বিদ্রোহী বিধায়ক আলাদাভাবে স্পিকারের কাছে আবেদন জানান। তার ভিত্তিতেই গত ৩ জুন ঋতব্রতকে বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।
হাইকোর্টের এই রায়ের পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নন, কুণাল ঘোষের শিবিরকেও তীব্র সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, এই গোটা ঘটনায় দুই পক্ষেরই রাজনৈতিক দেউলিয়াপনা প্রকট হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, যে দলের টিকিটে এবং যে নেতৃত্বের ছবি দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জিতে এলেন, বিধানসভায় পা রেখেই সেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিরোধী দলনেতার চেয়ার দখল করতে এত মরিয়া হয়ে উঠেছিলেন কেন? দলের শীর্ষ নেতৃত্বের চিঠিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং সাংবিধানিক প্রথার তোয়াক্কা না করে তড়িঘড়ি পদ গ্রহণ করার যে রাজনীতি তিনি করেছিলেন, হাইকোর্টের রায়ে সেই সিদ্ধান্তই আজ মুখ থুবড়ে পড়ল। সমালোচকদের মতে, নৈতিকতা বিসর্জন দিয়ে চেয়ার আঁকড়ে থাকার চেষ্টার ফল যে কতটা তিক্ত হতে পারে, আজকের রায় তারই প্রমাণ। অন্যদিকে, কুণাল ঘোষ যে ভাষায় সোশ্যাল মিডিয়ায় উদযাপন শুরু করেছেন, তা নিয়েও তীব্র কটাক্ষ ছুড়ে দিচ্ছেন সমালোচকরা। রাজনৈতিক মহলের প্রশ্ন—রাজ্যের প্রধান বিরোধী দলের অন্দরেই যেখানে এমন ভয়াবহ ভাঙন, যেখানে ৫৮ জন বিধায়ক দলের হুইপ মানতে নারাজ, সেখানে ‘বালিশ ফেটে তুলো বেরিয়ে গেল’ বলে আত্মতুষ্টিতে ভোগার আদৌ কোনো জায়গা আছে কি? বিশ্লেষকদের মতে, আদালতের রায়ে স্পিকারের সিদ্ধান্ত বাতিল হয়েছে ঠিকই, কিন্তু হাইকোর্ট সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করেনি; বরং আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকেই নতুন করে সিদ্ধান্ত নিতে বলেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যাঁদের হাতে নেই, তাঁদের এতটা উল্লাস আদতে নিজেদের অন্তঃকলহকেই আরও একবার জনসমক্ষে হাস্যকর করে তুললো।
আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগে আদালতের বেঁধে দেওয়া ১০ দিনের সময়সীমার মধ্যে স্পিকার রথীন্দ্র বসু নতুন কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই—রাজ্যের মানুষের দাবি-দাওয়া নিয়ে বিধানসভায় লড়াই করার বদলে নিজেদের মধ্যে চেয়ার আর ‘বালিশের তুলো’ নিয়েই কি আগামী পাঁচ বছর কাটিয়ে দেবেন এই নেতারা? উত্তর দেবে সময়।
