প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ কিংবা উত্তরবঙ্গের চা বাগানের কোনো অসহায় মানুষ যখন স্থানীয় প্রশাসন বা পুলিশের কাছে সুবিচার পান না, তখন তাঁর শেষ আশ্রয়স্থল হয় কলকাতা হাইকোর্টের ওই লাল বাড়িটা। কালো কোট পরা আইনজীবী আর বিচারপতির আসনের দিকে তাকিয়ে সাধারণ মানুষ আজও বুক বাঁধেন— “অন্তত আদালত আমাকে খালি হাতে ফেরাবে না।” কিন্তু সাধারণ মানুষের সেই পবিত্র আস্থার জায়গাতেই সরাসরি আঘাত হেনে এবার গোটা আইনজীবী সমাজের তীব্র রোষের মুখে পড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের নিরাপত্তা মামলায় বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি যেভাবে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছেন, তাতে স্তম্ভিত ও ক্ষুব্ধ আদালতের অলিন্দ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (AAG) বিল্বদল ভট্টাচার্য যখন অভিষেকের সাম্প্রতিক সাক্ষাৎকারের লিখিত প্রতিলিপি (ট্রান্সক্রিপ্ট) এবং পেনড্রাইভ পেশ করেন, তখন এজলাসে উপস্থিত বহু প্রবীণ আইনজীবী নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। অভিযোগ, বিচারাধীন একটি মামলার শুনানি না হওয়া নিয়ে ক্ষোভ উগরে দিতে গিয়ে অভিষেক নাকি দাবি করেছেন যে, কিছু বিচারপতি শাসকদল বিজেপির কাছে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন! আর এই বক্তব্যের তর্জমা শুনেই বিচারপতি কৃষ্ণা রাও ক্ষুব্ধ হয়ে অভিষেকের আইনজীবী শোয়েব আলমকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন— “কোন কোন বিচারপতি বিজেপির, আর কে কে তৃণমূলের— তার একটা তালিকা দিন। আমি দেখতে চাই!”
সাংসদের এই মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে। প্রশ্ন উঠছে, দেশের একজন আইনপ্রণেতা (সাংসদ) হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রকাশ্যে বলেন যে বিচারপতিরা রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গিয়েছেন, তবে সাধারণ মানুষ আগামী দিনে বিচার চাইতে কার দরজায় কড়া নাড়বে? হাইকোর্টের এক প্রবীণ আইনজীবীর তীক্ষ্ণ কটাক্ষ, “এটা নিছক কোনো আলটপকা মন্তব্য নয়, বরং বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার এক সুপরিকল্পিত ছক। রায় নিজেদের পক্ষে গেলে বিচারপতিরা দেবদূত, আর মামলার শুনানি পিছিয়ে গেলেই তাঁরা দলের দালাল? এই দ্বিচারিতা আদালতের গরিমাকে কলুষিত করছে।” আর এক আইনজীবীর প্রশ্ন, বিচারপতিদের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের পছন্দমতো রায় আদায় করার জন্যই কি সংবাদমাধ্যমের সামনে এই ধরনের ‘প্রেসার ট্যাকটিক্স’ বা চাপের রাজনীতি শুরু করেছেন তৃণমূল সাংসদ?
বিচারপতি কৃষ্ণা রাও এদিন এজলাসে অত্যন্ত কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে, প্রভাবশালী তকমা থাকলেই যা খুশি বলে পার পাওয়া যায় না। তিনি স্পষ্ট জানান, কোনো নির্দেশে আপত্তি থাকলে উচ্চতর বেঞ্চে যাওয়ার আইনি দরজা সবসময় খোলা থাকে। তা না করে প্রকাশ্যে বিচারপতিদের চরিত্রহনন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ওয়াকিবহাল মহলের মতে, রাজনৈতিক লড়াইয়ের ময়দান ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিচারব্যবস্থাকেই আক্রমণের নিশানা বানিয়েছেন, তাতে তিনি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছেন। সাধারণ মানুষের আস্থার জায়গায় আঘাত হানার এই চেষ্টায় আজ খোদ আদালতের কাছেই তাঁকে মাথা নিচু করতে হলো।
