Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বন্ধ লকার থেকে বেরোচ্ছে রক্তাক্ত চার্জশিট! নাগরাকাটার সেই ‘অদৃশ্য’ মাথাদের কি এবার হাতকড়া পরাবে নবান্ন?

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ফাইলটার ওপর ধুলো জমেছিল পুরো একটা বছর। আলমারির অন্ধকার কোণে বন্দি ছিল রক্তাক্ত এক জনপ্রতিনিধির আর্তনাদ। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে আলিপুরদুয়ারের রায়ডাক গলফ কোর্স ময়দানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ঘোষণায় সেই তালাবন্ধ লকারের চাবি এবার ঘুরতে শুরু করল! মালদহ উত্তরের দু’বারের সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার পুনর্তদন্তের নির্দেশ ঘিরে এখন রীতিমতো তোলপাড় প্রশাসনিক ও রাজনৈতিক মহল। মঞ্চে উত্তরবঙ্গের আইজি-সহ শীর্ষ পুলিশ কর্তাদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন—”খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড়া হবে না। পুরনো ফাইল রিওপেন হবে, প্রত্যেক অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হবে।”

ফ্ল্যাশব্যাকে ফেরা যাক ২০২৫ সালের ৬ অক্টোবর। ভয়াবহ বন্যা ও ধসে বিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙায় বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দিতে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষ। অভিযোগ, সেদিন একদল উন্মত্ত দুষ্কৃতী ইট-পাথর ও লাঠি নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর জখম হয়ে চোয়ালের হাড় ভাঙে সাংসদ খগেন মুর্মুর। কিন্তু প্রশ্ন হলো, প্রকাশ্য দিবালোকে একজন নির্বাচিত সাংসদের রক্ত ঝরার পরও কেন এক বছর ধরে মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে? গোয়েন্দা ও রাজনৈতিক পর্যবেক্ষক মহলের দাবি, তৎকালীন তৃণমূল সরকারের অদৃশ্য অঙ্গুলিহেলনে সেসময় পুলিশ হাত-পা গুটিয়ে বসেছিল। অভিযোগ উঠেছিল, শাসকদলের স্থানীয় প্রভাবশালী নেতাদের আড়াল করতে এফআইআর (FIR)-এ থাকা মূল চক্রীদের নাম বাদ দেওয়া হয়েছিল এবং স্রেফ লোকদেখানো কয়েকজনকে গ্রেপ্তার করে দুর্বল চার্জশিট দিয়ে মামলাটি ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ওয়াকিবহাল মহলের কটাক্ষ, প্রাক্তন শাসকদল সেদিন এই নৃশংস হামলাকে ‘মানুষের ক্ষোভ’ বলে লঘু করার চেষ্টা করেছিল। একজন জনপ্রতিনিধি আক্রান্ত হওয়ার পরও তৎকালীন প্রশাসনের এই নির্বিকার ভূমিকা বাংলার আইনশৃঙ্খলার ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায় হয়ে রয়েছে।

রাজ্যে পালাবদলের পর নবান্নের মসনদে বসেই প্রশাসনিক শুদ্ধিকরণের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার আলিপুরদুয়ারের মঞ্চ থেকে তিনি যেভাবে সরাসরি পুলিশ কর্তাদের নির্দেশ দিলেন, তাকে এক বড়সড় প্রশাসনিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। বিশ্লেষকদের মতে: শুভেন্দু অধিকারী স্পষ্ট বুঝিয়ে দিলেন, তাঁর শাসনে পুলিশ কোনো রাজনৈতিক দলের ‘ক্যাডার’ হয়ে কাজ করবে না। অপরাধী যে রঙেরই হোক না কেন, আইনের হাত তার গলা পর্যন্ত পৌঁছাবেই। ফাইল রিওপেন হলে কেবল যারা পাথর ছুড়েছিল তারাই নয়, কাদের নির্দেশে এবং কাদের মদতে সেদিন নাগরাকাটায় এই হামলার ছক কষা হয়েছিল—সেই ‘অদৃশ্য’ মাথাদের নামও এবার চার্জশিটে উঠে আসতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আদিবাসী সমাজের অন্যতম শীর্ষ নেতা খগেন মুর্মুর ওপর হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করে মুখ্যমন্ত্রী একদিকে যেমন উত্তরবঙ্গের মানুষের আস্থার মর্যাদা দিলেন, তেমনই বিগত জমানার ‘ধামাচাপা’ দেওয়ার সংস্কৃতির কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন।

লকার খুলেছে, ধুলো ঝাড়াও শুরু হয়েছে। নবান্নের শীর্ষ স্তর থেকে গ্রিন সিগন্যাল মিলতেই নড়েচড়ে বসেছে উত্তরবঙ্গের পুলিশ প্রশাসন। তবে কি ২০২৫-এর অক্টোবরে যারা ক্ষমতার দম্ভে আইন হাতে তুলে নিয়েছিল, এবং যারা কলমের খোঁচায় সেই অপরাধ আড়াল করেছিল—এবার তাদের সকলেরই হাতকড়া পরার দিন ঘনিয়ে এল? উত্তর মিলবে খুব শীঘ্রই।

Exit mobile version