Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তখ্‌ত-এ-শুভেন্দু: পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েই লোক ভবনে হবু মুখ্যমন্ত্রী, সরকার গড়ার দাবি পেশ!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে সূচিত হলো এক নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাধিক্য পাওয়ার পর আজ বিকেলে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাঁর নাম ঘোষণা করা হয়।

দলনেতা নির্বাচিত হওয়ার ঠিক পরেই আর সময় নষ্ট করেননি শুভেন্দু অধিকারী। জয় শ্রীরাম ধ্বনি আর সমর্থকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে তিনি সরাসরি পৌঁছে যান লোক ভবনে (রাজভবন)। সেখানে রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি পেশ করেন তিনি। সূত্রের খবর, ২০৭ জন বিজেপি বিধায়কের সমর্থনসূচক স্বাক্ষর সম্বলিত চিঠি তিনি রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন।

শুভেন্দু অধিকারীর এই ‘বিজয় যাত্রা’য় তাঁর পাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব। রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু সংক্ষেপে সংবাদমাধ্যমকে জানান, “এই জয় বাংলার মা-মাটি-মানুষের নয়, বরং আসল পরিবর্তনের আকাঙ্ক্ষী সাধারণ মানুষের জয়। আমরা সুশাসন দিতে দায়বদ্ধ।”

সব ঠিক থাকলে আগামীকাল, শনিবার (৯ মে ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।

বাংলার আকাশে এখন নতুন ভোরের প্রতীক্ষা। রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত শুভেন্দু এবার প্রশাসনিক প্রধান হিসেবে বাংলাকে উন্নয়নের পথে কতটা এগিয়ে নিয়ে যান, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Exit mobile version