Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দক্ষিণেশ্বরে চরম উত্তেজনা: বিধায়ক মদন মিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ, ছুড়ে মারা হলো ডিম!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শনিবার মাঝরাতে দক্ষিণেশ্বর ও আড়িয়াদহ সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। কামারহাটির বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ব্যাপক বিক্ষোভ দেখানোর পাশাপাশি এলোপাথাড়ি ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিধায়কের গাড়িচালক আক্রান্ত হয়েছেন বলেও খবর। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেল থেকেই কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলরের কার্যালয়ের সামনে স্থানীয় অটো ও টোটো চালকদের একাংশ আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে মাঝরাতে দক্ষিণেশ্বরের ব্লক ওয়ার্ড অফিসের উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক মদন মিত্র। অভিযোগ, তিনি এলাকায় পৌঁছানো মাত্রই একদল উত্তেজিত যুবক তাঁর গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং গাড়ি লক্ষ্য করে কাঁচা ডিম ছোঁড়ে। পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়িটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার পর একটি সামাজিক মাধ্যমে লাইভে এসে উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক মদন মিত্র। তিনি জানান, “আমি দক্ষিণেশ্বরে ব্লক ওয়ার্ড অফিসে যাব বলে বেরিয়েছিলাম। তখনই এই ঘটনা ঘটে। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম! কিন্তু রাখে হরি তো মারে কে!” তিনি আরও অভিযোগ করেন, আনোয়ার খান নামে এক স্থানীয় ব্যক্তির উস্কানিতেই তাঁর ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

বিধায়কের এই অভিযোগের পর পাল্টা সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এই ঘটনার সাথে তাদের দলের কোনো যোগসূত্র নেই। এটি সম্পূর্ণভাবে কাটমানি ও স্থানীয় স্তরের তোলাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।

Exit mobile version