Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘বিজেপি নাকি সিপিএম হয়ে যাচ্ছে!’—মদন মিত্রের মন্তব্যে পাল্টা তোপ বাম-বিজেপির, কাঠগড়ায় তৃণমূলের ১৫ বছরের জমানা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নিজের রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল কংগ্রেসের হাত ধরে, এরপর দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় থেকে ক্ষমতার স্বাদ ভোগ, আর এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে আশ্রয়—এহেন মদন মিত্র এবার বর্তমান বিজেপি সরকারকে ‘সিপিএম’-এর সাথে তুলনা করে নতুন বিতর্কের জন্ম দিলেন! বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে কামারহাটির বিধায়ক মন্তব্য করেন, রাজ্য বিজেপি নাকি ধীরে ধীরে সিপিএমের মতো হয়ে যাচ্ছে এবং দলের ওপর মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই।

মদন মিত্রের এই ‘সিপিএম তুলনা’ প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ প্রশ্ন তুলছেন—যে দলটি টানা পনেরো বছর ধরে বাংলায় শাসন চালিয়েছে, সেই তৃণমূলের বিধায়ক হয়ে মদন মিত্র কোন মুখে অন্য দলের সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে কথা বলেন? বিগত দেড় দশকে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব, কাটমানি, নিয়োগ দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছিল যে খোদ মদন মিত্রই গত সেপ্টেম্বরে কালীঘাটের তৃণমূলকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ শানিয়েছিলেন। যে দলের নেতারা নিজেরাই নিজেদের পুরনো দলকে চোর-দুর্নীতিগ্রস্ত বলে সার্টিফিকেট দেন, তাঁদের মুখে বিজেপির শৃঙ্খলা নিয়ে সমালোচনা নেহাতই প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, মদন মিত্রের এই মন্তব্যকে ঘিরে আসরে নেমেছে বাম শিবিরও। বামফ্রন্টের একাংশের কটাক্ষ, সারদা থেকে নারদা—একাধিক আর্থিক কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত একজন নেতা যখন বামফ্রন্টের জমানার সাথে তুলনা টানেন, তখন তা বাংলার মানুষের কাছে সস্তা রসিকতা ছাড়া আর কিছুই নয়। বামেদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হোক কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডেমোক্রেটিক তৃণমূল—উভয় শিবিরই এখন বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে আবোলতাবোল বকছে।

শাসকদল বিজেপিও মদন মিত্রের এই বক্তব্যকে স্রেফ ‘দিশেহারা নেতার প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছে। গেরুয়া শিবিরের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার যে স্বচ্ছতা ও প্রশাসনিক কঠোরতার সাথে কাজ করছে, তাতে দুর্নীতির সাথে যুক্ত নেতাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই নজর ঘোরাতেই কখনো দলের অন্দরে ষড়যন্ত্রের গল্প, আবার কখনো সিপিএমের সাথে তুলনা টেনে সংবাদমাধ্যমের শিরোনামে ভেসে থাকার মরিয়া চেষ্টা চালাচ্ছেন কামারহাটির বিধায়ক।

Exit mobile version