Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তোলপাড় রাজ্য রাজনীতি! এবার খোদ মদন মিত্রকে সিজিও-তে কড়া সমন পাঠাল ইডি, ২৯ জুলাই হাজিরার ডেডলাইন!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর স্ক্যানারে কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর পরিবারের সদস্যদের পর এবার খোদ বিধায়ককে নোটিশ পাঠিয়ে আগামী ২৯ জুলাই সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রয়োজনীয় নথি সহ হাজির হওয়ার কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, এই দুর্নীতিতে আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট কিছু সূত্র মেলাতেই এই পদক্ষেপ।

গত জুন মাসেই মদন মিত্রের বাড়ি ও অফিস সহ মোট ৭টি ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে এবারই প্রথম তাঁকে সরাসরি নিজ নামে সমন পাঠিয়ে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। বিধায়কের পাশাপাশি তাঁর পরিবারের ওপরও তদন্তের পরিধি বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা। চলতি সপ্তাহেই মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এবং দুই পুত্র স্বরুপ মিত্র ও শুভরূপ মিত্রকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্দেহজনক লেনদেন এখন আধিকারিকদের নজরে রয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কামারহাটি সহ বিভিন্ন পুরসভায় টাকার ও সোনার বিনিময়ে প্রায় ১২৫ জনের বেআইনি নিয়োগের পেছনে মদন মিত্রের প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যবসায়ী অয়ন শীলের ডায়েরি ও বাজেয়াপ্ত ডিজিটাল নথি থেকে এই তথ্যের যোগসূত্র মিলেছে। এই ইডি নোটিশ পাওয়ার পর কামারহাটির বিধায়ক মদন মিত্র স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কোনো ডেট, অসুখ বা জ্বরের বাহানা দেবেন না এবং আইন মেনে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন।

Exit mobile version