প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদের দায়িত্ব ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর, এবার সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক নজিরবিহীন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রাজনৈতিক সংঘাত বা কাদা ছোড়াছুড়ি নয়, বরং অত্যন্ত সুকৌশলে একদিকে যেমন নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, ঠিক অন্য দিকে তেমনই প্রকাশ্য রাস্তায় কার ঘোড়া আগে দৌড়াবে—তা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। দল ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মদন মিত্রের এই বার্তা এই মুহূর্তে বাংলার রাজনীতির সবচেয়ে বড় খবর।
নতুন শিবিরে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মদন মিত্র একাধারে আবেগপ্রবণ এবং অন্যদিকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। দল ছাড়লেও দীর্ঘদিনের সুসম্পর্কের কথা মাথায় রেখে মদন মিত্র বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান ও ধন্যবাদ জানাই। দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও কম-বেশি তাঁর জন্য চেষ্টা করেছি।”
ধন্যবাদ জানানোর ঠিক পর মুহূর্তেই রাজনৈতিক যুদ্ধের দামামা বাজিয়ে মদন মিত্র বলেন, “হাত জোড় করে অনুরোধ করছি, চলুন এটা একটা ম্যারাথন দৌড়। চলতে চলতে রাস্তায় তো দেখা হবেই। এবার দেখা যাক কোন ঘোড়া আগে দৌড়ায়!”
নিজের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বয়সকে ইঙ্গিত করে চরম নাটকীয় ভঙ্গিতে কবিতার ছন্দে মমতা শিবিরের উদ্দেশ্যে মদন মিত্র বলেন, “জীবন-মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে, কী হবে, আর কী হবে না।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মদন মিত্রের এই ম্যারাথন দৌড়ের চ্যালেঞ্জ প্রমাণ করে দিচ্ছে যে তিনি কালীঘাট তৃণমূলকে টেক্কা দিতে সম্পূর্ণ প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এই অভিনব বার্তা আগামী দিনে বাংলার কালীঘাট তৃণমূল শিবিরের অন্দরে বড়সড় ঝাঁকুনি দিতে চলেছে।
