Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দলীয় দফতরে কোটি টাকার হদিস থেকে শিবির বদলের সমীকরণ! ভাইফোঁটার দিনেই নিরাপত্তা হারালেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য রাজনীতিতে ফের টানটান নাটকীয়তা। প্রথমে দলীয় কার্যালয় থেকে বান্ডিল বান্ডিল নগদ অর্থ উদ্ধার, তারপর সাংবাদিক বৈঠক করে পাল্টা অভিযোগ—আর সেই রেশ কাটতে না কাটতেই এবার সরকারি নিরাপত্তার বলয় হারালেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। গতকাল, ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) ভাইফোঁটার সকালেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফে তাঁর সুরক্ষায় থাকা সমস্ত রক্ষীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আচমকা এই পদক্ষেপের পরই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের মতো তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন শামিম।

রাজনৈতিক এই টানাপোড়েনের সূত্রপাত চলতি মাসের শুরুর দিকে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার সরিষা এলাকার একটি তৃণমূল কার্যালয়ে পুলিশি অভিযানকে কেন্দ্র করে। শালবনী জমি দুর্নীতি মামলায় ধৃত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ওই কার্যালয়ের হদিস পান। গত ৪ নভেম্বর ২০২৬ সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা বাজেয়াপ্ত করে। পুলিশের দাবি, ওই পার্টি অফিসটি মূলত বিধায়ক শামিম আহমেদই ব্যবহার করতেন। বিপুল পরিমাণ এই অর্থ উদ্ধারের পরই দ্রুত বদলাতে শুরু করে রাজনৈতিক সমীকরণ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে বসিয়ে শামিমকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং দাবি করেন, ওই কার্যালয়ে টাকা উদ্ধারের ঘটনা সম্পূর্ণ ‘পূর্বপরিকল্পিত’।

চলতি বছরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙন এবং শিবির বদলের প্রক্রিয়া চলছিল। বিধায়ক শামিম আহমেদ শুরুতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’ শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু সরিষার কার্যালয় থেকে টাকা উদ্ধারের ঘটনার পরই অবস্থান বদল করেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে ই-মেল এবং হলফনামা পেশ করে শামিম জানান, তিনি কোনোভাবেই ঋতব্রত শিবিরে নেই, বরং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক। তাঁর অভিযোগ, চাপে ফেলে এবং ভুল বুঝিয়ে তাঁকে বিরোধী দলনেতার শিবিরে সই করানো হয়েছিল।

ভাইফোঁটার দিন সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশ শামিম আহমেদের সুরক্ষায় নিযুক্ত ৪ জন রক্ষী (২ জন হাউস গার্ড ও ২ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী)-কে তুলে নেয়।জেলা পুলিশ সূত্রে খবর, বিধায়ক শামিম আহমেদ বেশ কিছুদিন ধরে নিজের আবাসনে থাকছেন না। তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তাঁর নিরাপত্তারক্ষীদের কাছেও কোনো তথ্য ছিল না। বিধায়কের দীর্ঘ অনুপস্থিতির কারণেই প্রশাসনিক নিয়ম মেনে রক্ষীদের প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তা হারানোর পর শামিম সরাসরি তোপ দেগেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর দাবি, ঋতব্রত শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার ‘খেসারত’ দিতে হচ্ছে তাঁকে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গত ১ ও ২ নভেম্বর ডায়মন্ড হারবার পুলিশ জেলার শীর্ষ আধিকারিকরা তাঁকে ডেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়ের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। গোটা ঘটনার সিবিআই (CBI) তদন্ত চেয়ে তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন।

বিধায়কের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে রাজ্যের শাসকদল বিজেপি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল। বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, দুর্নীতি বা অপরাধের তদন্তে পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে আইন অনুযায়ী কাজ করছে, এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অরূপ রায় জানিয়েছেন, শিবির বদলের সাথে নিরাপত্তা তুলে নেওয়ার কোনো যোগ নেই। উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক কাজল শেখেরও নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। এবার শামিম আহমেদের নিরাপত্তা তুলে নেওয়ায় দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল।

Exit mobile version