প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মালদার মানিকচক ও রতুয়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দুর্গত এলাকায় পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলমগ্ন এলাকা পরিদর্শনের পর উপদ্রুত অঞ্চলের মানুষের জন্য একগুচ্ছ বড়সড় আর্থিক ও সামাজিক পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেন তিনি। গঙ্গা ও ফুলহারের প্লাবনে বিপর্যস্ত মালদা জেলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন ২৪২ কোটি টাকার বিশাল ক্ষতিপূরণ তহবিল মঞ্জুর করা হয়েছে।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, প্রকৃতির রোষে যারা নিজেদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন, তাদের পাশে শক্তভাবে দাঁড়াবে নতুন সরকার। প্রশাসনের হিসাব অনুযায়ী, বন্যার তোড়ে যাদের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, নতুন বাড়ি তৈরির জন্য তাদের সরাসরি ১ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হবে। অন্যদিকে, যাদের বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মেরামতির জন্য ৯০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে নবান্ন।
ত্রাণ বিলির ক্ষেত্রে যাতে কোনওরকম স্বজনপোষণ বা দুর্নীতি না হয়, তার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রতুয়া ও মানিকচকের এই বিপর্যস্ত জনপদকে পাকাপাকিভাবে বাঁচাতে এবং পুনর্বাসনের রূপরেখা তৈরি করতে খুব শীঘ্রই একটি হাইপ্রোফাইল প্রশাসনিক বৈঠক ডাকা হচ্ছে। আপদকালীন ব্যবস্থা হিসেবে বন্যাদুর্গত ৫ হাজার চরম ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে নতুন জামাকাপড়, মশারি এবং ত্রিপল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
