Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মালদহে মমতার দল ‘ফ্রিজ’! এবার ইংরেজবাজার পুরসভা দখল করে ম্যাজিক দেখাল বিজেপি!!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মালদা জেলা পরিষদের ঐতিহাসিক পালাবদলের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এক নজিরবিহীন রাজনৈতিক বিস্ফোরণ ঘটল মালদা জেলায়। তৃণমূলের হাত থেকে এবার ইংরেজবাজার পুরসভাও সরাসরি নিজেদের দখলে নিল বিজেপি। আজ, ৭ অক্টোবর ২০২৬ (বুধবার) দুপুরে, সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক ও কাউন্সিলর অম্লান ভাদুড়ি (বুরো)। চেয়ারম্যান পদের জন্য অন্য কোনও দল কোনো বিকল্প প্রার্থী না দেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করে কেল্লাফতে করল পদ্ম শিবির।

বুধবার দুপুরে পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনের সরকারি প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই নাটকীয় মোড় নেয় মালদার রাজনীতি। তৃণমূল কংগ্রেসের ১১ জন কাউন্সিলর একযোগে দলত্যাগ করেন। তাঁরা সরাসরি মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মহকুমা শাসক (SDO) শম্ভুনাথ সরকারের হাতে চিঠি দিয়ে নিজেদের ‘নির্দল’ কাউন্সিলর হিসেবে দাবি করেন। দলত্যাগী কাউন্সিলরদের পক্ষ থেকে শুভময় বসু সংবাদমাধ্যমকে জানান, “আমরা তৃণমূল থেকে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন ঘাসফুল প্রতীক ফ্রিজ় করায় আমরা পরিচিতির সংকটে ভুগছিলাম। সাধারণ মানুষকে পুর পরিষেবা দিতেই আমরা নির্দল হয়ে বিজেপির অম্লান ভাদুড়িকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”

২৯টি ওয়ার্ড বিশিষ্ট ইংরেজবাজার পুরসভার বিগত নির্বাচনের সমীকরণ অনুযায়ী, তৃণমূলের প্রতীকে ২৫ জন, বিজেপির ৩ জন এবং নির্দলের ১ জন জয়ী হয়েছিলেন। সম্প্রতি তৃণমূলের দাপুটে নেতা তথা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী পদটি ছেড়ে দেওয়ার পর থেকেই নতুন চেয়ারম্যান নির্বাচন অবধারিত হয়ে পড়ে। বুধবার ভোটাভুটি পর্বে বিজেপির মাত্র ৩ জন কাউন্সিলর থাকলেও সুনিপুণ রাজনৈতিক চালে ম্যাজিক দেখায় তারা। সভায় বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় নতুন চেয়ারম্যান হিসেবে অম্লান ভাদুড়ির নাম প্রস্তাব করেন। সেই নাম সমর্থন করেন কৃষ্ণা নাগ। এরপরই সদ্য তৃণমূলত্যাগী তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল এবং বাকি বিক্ষুব্ধ কাউন্সিলররা অম্লান ভাদুড়িকে সরাসরি সমর্থন জানান।

ক্ষমতা হারানোর স্পষ্ট ইঙ্গিত পেয়ে পুরো প্রক্রিয়ায় তৃণমূলের অবশিষ্ট অংশ কোনও প্রতিরোধই গড়তে পারেনি, এমনকি ভয় পেয়ে কোনও প্রার্থীও দাঁড় করায়নি। উল্টে ভোটাভুটি ও বোর্ড গঠনের চূড়ান্ত মুহূর্তে তৃণমূলের প্রতীকে থাকা বাকি কাউন্সিলরদের মধ্যে ৩ জন কাউন্সিলর সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন। কোনও বিরোধী প্রার্থী না থাকায় মহকুমা শাসক অম্লান ভাদুড়িকে আনুষ্ঠানিকভাবে ইংরেজবাজার পুরসভার নতুন চেয়ারম্যান ঘোষণা করেন। মালদা জেলা পরিষদে ক্ষমতা নিশ্চিত করার ঠিক পরদিনই ইংরেজবাজারের মতো গুরুত্বপূর্ণ নগর পুরসভা হাতছাড়া হওয়া মালদা জেলা জুড়ে তৃণমূলের সাংগঠনিক কাঠামোর ওপর এক চূড়ান্ত বিপর্যয় বলে মনে করছে ওয়াকিবহাল রাজনৈতিক মহল।

Exit mobile version