Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“অন্নপূর্ণা যোজনার নামে বাংলার দেড় কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপককে বঞ্চিত করেছে বিজেপি সরকার!” ফেসবুক লাইভে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের অভ্যন্তরীণ সাংগঠনিক ডামাডোলের মাঝেই এবার রাজ্যের বর্তমান বিজেপি সরকারের বহুল চর্চিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনা নিয়ে সরাসরি ময়দানে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি অত্যন্ত চাঁছাছোলা ভাষায় অভিযোগ করেন, নতুন প্রকল্পের ঢাক পিটিয়ে আসলে বাংলার কোটি কোটি নারীর আর্থিক স্বাবলম্বনে কোপ মারা হয়েছে।

ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মহিলাদের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “বর্তমান সরকার অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার নাম করে আমাদের সময়কার প্রায় দেড় কোটি লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক মহিলাকে সম্পূর্ণ বঞ্চিত করেছে।” বর্তমান প্রশাসনের স্ক্রিনিং ও আবেদন বাতিলের প্রক্রিয়াকে তীব্র আক্রমণ করে তিনি ইঙ্গিত দেন, সাধারণ গরিব মা-বোনেদের প্রাপ্য টাকা আটকে রেখে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের যে বিক্ষোভ ও ক্ষোভের ছবি সামনে আসছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই জনরোষকেই হাতিয়ার করতে চেয়েছেন। দলের অভ্যন্তরীণ সংকট ও চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফা নিয়ে কথা বলার মাঝেই মমতার এই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে আক্রমণ প্রমাণ করে যে, সাংগঠনিক ডামাডোলের মধ্যেও তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জনস্বার্থের প্রধান ইস্যুগুলো হাতছাড়া করতে রাজি নন।

Exit mobile version