প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে বিধানসভা নির্বাচনে অভাবনীয় ধাক্কা খাওয়ার পর এই প্রথম জাতীয় রাজধানীতে পা রাখলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার (৮ জুন) দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। রাজ্য রাজনীতিতে দলের নজিরবিহীন অভ্যন্তরীণ সংকটের আবহে তাঁর এই দিল্লি সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
রবিবার বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক দিন আগেই অর্থাৎ শনিবারে দিল্লি পৌঁছে গিয়েছেন। বিধানসভা ভোটে বাংলায় দলের বিপর্যয়ের পর এটিই তৃণমূল শীর্ষ নেতৃত্বের প্রথম বড় যৌথ রাজনৈতিক পদক্ষেপ। সোমবার দুপুরের দিকে শুরু হতে চলা এই মেগা বৈঠকে তৃণমূল কংগ্রেস সহ দেশের মোট ২৩ টি বিরোধী রাজনৈতিক দল অংশ নিতে চলেছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব এবং ওমর আবদুল্লার মতো জোটের হেভিওয়েট নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলায় তৃণমূলের অন্দরে তীব্র সংকট দেখা দিয়েছে। বিধানসভা নির্বাচনে হারের পর রাজ্য স্তরে দলের পরিষদীয় দলে ভাঙন ধরেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা বা রাজ্যসভার সাংসদদের মধ্যেও যাতে কোনো বিক্ষোভ বা ভাঙন না ধরে, সেই ক্ষোভ প্রশমন করাও এই মুহূর্তে তৃণমূল নেতৃত্বের অন্যতম বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। তবে রাজ্য স্তরে ধাক্কা খেলেও জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ জোটের মসৃণ পরিচালনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাল ধরতে ইচ্ছুক বলে সম্প্রতি ইঙ্গিত মিলেছে। দিল্লির এই মঞ্চে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমীকরণ এবং আসন সমঝোতার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তার ওপরেই আগামী দিনের জাতীয় রাজনীতির সমীকরণ অনেকখানি নির্ভর করছে।
