প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬-এর মহাযুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টি। বুধবার সন্ধ্যায় ১৯ জন লড়াকু সেনাপতির নাম ঘোষণা করে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) সিলমোহর পাওয়া এই তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি রয়েছে নতুন মুখের চমক, যা নবান্নের অন্দরে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।
বিজেপির এই দফায় উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই হেভিওয়েট প্রার্থীদের নাম রাখা হয়েছে। তালিকায় নজর কাড়ছেন কোচবিহার দক্ষিণ থেকে রথীন্দ্র নাথ বোস, ইংলিশ বাজারের পোড়খাওয়া নেতা অম্লান ভাদুড়ি এবং শান্তিপুরের লড়াকু মুখ স্বপন দাস। এছাড়াও রাজগঞ্জ (SC) আসনে দিনেশ সরকার এবং উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তীকে টিকিট দিয়ে দল মাস্টারস্ট্রোক দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তালিকার অন্যতম উল্লেখযোগ্য নাম পানিহাটি কেন্দ্রের প্রার্থী। আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের (অভয়া) মা হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁকে প্রার্থী করে বিজেপি স্পষ্ট বার্তা দিল যে, বাংলার মা-বোনেদের নিরাপত্তা এবং ন্যায়ের লড়াইয়ে তারা সাধারণ মানুষের পাশেই আছে।
বিজেপি এই দফায় মূলত সেই সব আসনকে গুরুত্ব দিয়েছে, যেখানে তৃণমূলের জনভিত্তি আলগা হয়েছে। বিশেষ করে মালদহ, কোচবিহার এবং নদিয়ার মতো জেলাগুলোতে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে পরিচিত মুখদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল এবং মেদিনীপুরে ডাঃ শঙ্কর গুছাইতের মত প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি বুঝিয়ে দিয়েছে, উন্নয়নের পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তিও তাদের প্রধান অস্ত্র।
প্রথম দফায় ১৪৪ এবং দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থীর পর আজকের ১৯ জনের নাম মিলিয়ে বিজেপি মোট ২৭৪ টি আসনে তাদের লড়াই চূড়ান্ত করলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসক দলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে বিজেপির এই ‘টিম-১৯’ এক শক্তিশালী বিকল্প হয়ে উঠবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যবাসীর রায় কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
