Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মমতার ‘ঘনিষ্ঠ’ আমলাকে ঝেঁটিয়ে বিদায় কমিশনের? বাংলা থেকে পাঠানো হলো ভিন রাজ্যে!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে পদ থেকে সরিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। শুধু সরানোই নয়, তাঁকে কার্যত বাংলা থেকেই ‘নির্বাসিত’ করে সুদূর তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পশ্চিম বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপি বারবার অভিযোগ তুলেছিল যে, রাজ্যের শীর্ষ স্তরের কিছু আমলা শাসকদলের হয়ে কাজ করছেন এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন কমিশন মিনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে স্পষ্ট বার্তা দিল যে, ভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে।

বলা বাহুল্য, এই মিনার জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সঙ্ঘমিত্রা ঘোষকে। কিন্তু প্রশ্ন উঠছে, নির্বাচনের ঠিক আগেই কেন একজন স্বরাষ্ট্রসচিবের মত গুরুত্বপূর্ণ পদের আধিকারিককে ভিন রাজ্যে পাঠিয়ে দিতে হলো? ইতিমধ্যেই এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে বিভিন্ন আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে। শাসক দলের ঘনিষ্ঠ মহল দাবি করছে, এটা প্রতিহিংসা পরায়ণ আচরণ। অন্যদিকে বিরোধীরা দাবি করছে যা হচ্ছে তা ভালই হচ্ছে।

বিরোধীদের বক্তব্য, এই জগদীশ মিনার কার্যকলাপে কমিশন সন্তুষ্ট ছিল না বলেই এই ‘শাস্তিমূলক’ বদলি। বঙ্গ বিজেপির নেতাদের মতে, “দিদির সাজানো বাগান একে একে তছনছ হয়ে যাচ্ছে। যারা পিসি-ভাইপোর হয়ে তল্পিবাহকতা করছিলেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না।” এখন দেখার, সঙ্ঘমিত্রা ঘোষের হাত ধরে প্রশাসন কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারে।

Exit mobile version