প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গভীর রাতে মালদহের চাঁচল থানায় আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মাঝরাতের এই ভয়াবহ আগুনে থানার মালখানাসহ একাধিক ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা এতটাই দ্রুত ছড়ায় যে মুহূর্তের মধ্যে গোটা থানা চত্বরে চরম আতঙ্ক দেখা দেয়।
আগুন লাগার খবর পাওয়া মাত্রই থানা চত্বরে উপস্থিত পুলিশ কর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। আগুন অন্যান্য ঘরে ছড়ানোর আগেই পুলিশ কর্মী ও স্থানীয়দের তৎপরতায় সুরক্ষিতভাবে বাইরে বের করে আনা সম্ভব হয় থানার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি, কেস ডায়েরি এবং কম্পিউটারসহ অন্যান্য জরুরি সামগ্রী। এর ফলে বড়সড় প্রশাসনিক ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।
থানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পরে আগুনের তীব্রতা দেখে আরও একটি ইঞ্জিন আনা হয়। দমকল কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় প্রায় ঘণ্টা দুয়েকের আপ্রাণ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। মাঝরাতেই ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক। তিনি নিজে উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং উদ্ধারকাজের তদারকি করেন।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, থানার কোনো একটি ঘরের বৈদ্যুতিক মেইন বোর্ড বা ওয়ারিং থেকে হওয়া শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় কোনো পুলিশ কর্মী বা লক-আপে থাকা কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।
