Site icon প্রিয় বন্ধু মিডিয়া

জন্ম-মৃত্যু শংসাপত্রে ‘বিরাট’ জালিয়াতি! কাঠগড়ায় পূর্বতন সরকার, এক ধাক্কায় ক্ষমতা কাড়লেন মুখ্যসচিব, জেলায় জেলায় পুলিশি রেড!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের জন্ম ও মৃত্যু শংসাপত্র (Birth-Death Certificate) বিতরণে এক নজিরবিহীন ও ভয়ঙ্কর জালিয়াতির পর্দাফাঁস করল রাজ্যের বর্তমান বিজেপি সরকার। পূর্বতন সরকারের জমানায় এই শংসাপত্র বিলিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কোটি কোটি টাকার দুর্নীতি এবং জাল শংসাপত্র তৈরির চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ। এই চক্রের শিকড় উপড়ে ফেলতে এবার নবান্নের নির্দেশে একযোগে রাজ্যের সমস্ত জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বিশাল পুলিশি অভিযান ও তদন্ত।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজ নবান্নে এক জরুরি বৈঠক শেষে রাজ্যের নতুন প্রশাসনিক প্রধান তথা মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এক ঐতিহাসিক ও কঠোর নির্দেশিকা জারি করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের কোনো আঞ্চলিক প্রশাসনের প্রধান অর্থাৎ পুরসভার পুরপ্রধান (Chairman) কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আর কোনোভাবেই জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু বা বিতরণ করতে পারবেন না। জনপ্রতিনিধিদের হাত থেকে এই ক্ষমতা সম্পূর্ণ কেড়ে নেওয়া হলো। এখন থেকে এই ধরনের সংবেদনশীল শংসাপত্র দেওয়ার চূড়ান্ত ক্ষমতা থাকবে শুধুমাত্র নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের (Designated Officers) কাছেই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানান, জন্ম-মৃত্যুর শংসাপত্র বিতরণে বিস্তর গরমিল এবং জালিয়াতির অকাট্য প্রমাণ মিলেছে। তদন্তে দেখা গিয়েছে, এই জালিয়াতির সিংহভাগটাই ঘটেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন ও পরিমার্জনের (Summary Revision of Electoral Roll) সময়। ভুয়ো ব্যক্তিদের ভোটার তালিকায় নাম তোলা বা মৃত ব্যক্তিদের নাম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্যই এই জাল শংসাপত্রগুলি তৈরি করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। পুলিশের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক এফআইআর (FIR) ও লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ বেশ কিছু চক্রকে চিহ্নিত করে বহু ভুয়ো ও নকল শংসাপত্রও বাজেয়াপ্ত করেছে।

পূর্বতন জমানার এই রেশন ও নিয়োগ দুর্নীতির পর এবার ‘বার্থ-ডেথ সার্টিফিকেট’ কেলেঙ্কারি সামনে আসায় রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। এই জালিয়াতির পেছনে কোনো বড় আন্তর্জাতিক চক্র বা অনুপ্রবেশের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Exit mobile version