Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ম্যাট্রিজের পর এবার চাণক্য! ২০২৬-এর পরিসংখ্যানে ওলটপালট বাংলার ভাগ্য? নবান্নের ম্যাজিক ফিগার নিয়ে এ কী ইঙ্গিত!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার অনেক আগেই সমীক্ষক সংস্থাগুলোর পরিসংখ্যানে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সম্প্রতি ‘ম্যাট্রিজ’ (Matrize)-এর দেওয়া তথ্যের রেশ কাটতে না কাটতেই এবার ধামাকা দিল ‘চাণক্য স্ট্র্যাটেজিস’ (Chanakya Strategies)। এই নতুন সমীক্ষায় যে আসন সংখ্যার হিসেব উঠে এসেছে, তা দেখে কপালে ভাঁজ পড়েছে দুঁদে রাজনৈতিক বিশ্লেষকদেরও।

চাণক্যের এই লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, নবান্নের মসনদ দখলে রাখতে প্রয়োজনীয় ১৪৮-এর ম্যাজিক ফিগার নিয়ে শুরু হয়েছে চরম টানাটানি। সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ১৫৫ থেকে ১৬৫টি আসন যেতে পারে। কিন্তু চমক রয়েছে ঠিক এর পরেই। বিরোধী দল হিসেবে বিজেপি এবার ১১০ থেকে ১১৫টি আসন ছিনিয়ে নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ, গত নির্বাচনের তুলনায় বিজেপি তাদের শক্তি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে শাসক দলের জয়ের ব্যবধান কমিয়ে আনছে। অন্যদিকে, বাম-কংগ্রেস ও অন্যান্য ছোট দলগুলি মাত্র ৯ থেকে ১৪টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে। ফলে লড়াই যে মূলত দুই মেরুতেই সীমাবদ্ধ থাকছে, তা একপ্রকার নিশ্চিত।

আসন সংখ্যার চেয়েও বেশি চর্চা শুরু হয়েছে ভোটের হারের ব্যবধান নিয়ে। চাণক্যের দাবি:তৃণমূল কংগ্রেস: ৪৫% – ৪৭% ভোট পেতে পারে।বিজেপি: ৪০% – ৪২% ভোট পাওয়ার প্রবল সম্ভাবনা।অন্যান্য: ১২% – ১৬% ভোট পেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মাত্র ৫ শতাংশের এই ব্যবধান যে কোনো মুহূর্তে নির্বাচনের ফল ওলটপালট করে দিতে পারে। ম্যাট্রিজের দেওয়া আগের পূর্বাভাসের সঙ্গে চাণক্যের এই তথ্যের অমিলই এখন বাংলার পাড়ার মোড় থেকে ড্রয়িংরুম— সর্বত্র কৌতুহল উস্কে দিচ্ছে। যদি প্রান্তিক ভোটগুলো মেরুকরণের দিকে ঝুঁকে যায়, তবে এই সমীকরণ আগামীতে আরও চাঞ্চল্যকর মোড় নিতে পারে। ২০২৬-এর মহাযুদ্ধের আগে এই সমীক্ষা-যুদ্ধ যে বাংলার রাজনৈতিক উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিল, তাতে কোনো সন্দেহ নেই। এখন দেখার, চাণক্যের এই আগাম ‘ভবিষ্যদ্বাণী’ শেষ পর্যন্ত কতটা মেলাতে পারেন শুভেন্দু-সুকান্ত বা মমতা-অভিষেকরা।

Exit mobile version