Site icon প্রিয় বন্ধু মিডিয়া

খোদ মন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, ম্যারাথন তল্লাশির পর মেদিনীপুরে সিল হয়ে গেল ২টি হোটেল ও শপিং মল!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার রাজ্যজুড়ে বেআইনি ও অগ্নিসুরক্ষাবিহীন হোটেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করল প্রশাসন। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা সফরকালে মেদিনীপুর শহরের একাধিক হোটেল এবং শপিং মলে আচমকা পরিদর্শনে (Surprise Visit) বের হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর এই অতর্কিত হানার পর অগ্নিনির্বাপণ বিধি লঙ্ঘনের অভিযোগে মেদিনীপুরের ২টি হোটেল এবং ১টি শপিং মলকে সিল করার কড়া নির্দেশ দিল প্রশাসন।

পরিদর্শনে গিয়ে হোটেল ও শপিং মলের সুরক্ষার পরিকাঠামো এবং প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র খতিয়ে দেখেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়ে সুরক্ষার একাধিক ত্রুটি ও গাফিলতি সামনে আসায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিদর্শনে গিয়ে দেখা যায় শহরের ওই দুটি হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা বৈধ দমকলের ছাড়পত্র সংক্রান্ত নথিতে খামতি রয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে ফায়ার এক্সিট (Fire Exit) বা জরুরি গেট থাকার কথা, তা নিয়েও গাফিলতি সামনে আসে। হোটেলের পাশাপাশি মেদিনীপুরের একটি ব্যস্ত শপিং মলেও হানা দেন মন্ত্রী। সেখানেও অগ্নিসুরক্ষা বিধি চরমভাবে লঙ্ঘিত হতে দেখে এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ পরিকাঠামো না থাকায় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওই শপিং মলটিও সিল করার নির্দেশ দেয় প্রশাসন।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, মানুষের জীবনের সুরক্ষার সাথে কোনো আপস করা হবে না। তিনি ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, “হোটেল, রেস্তোরাঁ বা শপিং মল—যারাই ফায়ার এক্সিট বন্ধ করে বা সঠিক লাইসেন্স ছাড়া ব্যবসা চালাবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানুষের সুরক্ষার স্বার্থে এই ধরণের অভিযান রাজ্যজুড়ে লাগাতার চলবে।” স্থানীয় পুরসভা এবং জেলা প্রশাসন ইতিমধ্যেই মন্ত্রীর নির্দেশে ওই তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সিল করে দেওয়ার কাজ শুরু করেছে। যতদিন না পর্যন্ত ওই প্রতিষ্ঠানগুলি দমকলের নতুন শংসাপত্র ও সঠিক সুরক্ষার ব্যবস্থা করতে পারছে, ততদিন এগুলি বন্ধ থাকবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Exit mobile version