Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ভোটের মুখে রণক্ষেত্র গোঘাট! তৃণমূল সাংসদ মিতালী বাগের গাড়িতে ভয়াবহ হামলা, ভাঙল কাচ— রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠল হুগলি জেলা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাওয়ার পথে দুষ্কৃতী হামলার মুখে পড়লেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। সোমবার দুপুরে গোঘাটে তাঁর কনভয় লক্ষ্য করে চলে ব্যাপক ইটবৃষ্টি। হামলায় সাংসদের গাড়ির কাচ চুরমার হয়ে যায় এবং গুরুতর জখম অবস্থায় তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটের প্রচারে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন সাংসদ মিতালী বাগ। গোঘাটের ভাদুর মোড় এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতী লাঠি ও পাথর নিয়ে তাঁর গাড়ির ওপর চড়াও হয়। অভিযোগ, আচমকা পাথর বৃষ্টি শুরু হওয়ায় গাড়ির সামনের ও পাশের কাচ ভেঙে গুঁড়িয়ে যায়। সেই ভাঙা কাচের টুকরো লেগেই আহত হন সাংসদ। ঘটনার খবর পাওয়ামাত্রই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়।

সাংসদের ওপর এই হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেস সরাসরি বিরোধীদের (বিজেপি) দিকে আঙুল তুলেছে। তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই হামলা চালানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে গিয়ে আহত সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেন। অন্যদিকে, বিরোধী শিবির এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এটি তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

ঘটনাটি নিয়ে ইতিমধেই নির্বাচন কমিশন অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। জেলাশাসকের কাছ থেকে দ্রুত বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। ৫ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের কথা মাথায় রেখে ওই এলাকায় আরও কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

আরামবাগ ও গোঘাট এলাকায় রাজনৈতিক সংঘাতের ইতিহাস দীর্ঘ। দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে একজন বর্তমান সাংসদের ওপর এই হামলা ভোটারদের মধ্যে বড়সড় প্রভাব ফেলতে পারে। একদিকে যখন আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে এই ঘটনা রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

Exit mobile version