Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কলকাতার হাসপাতালে রুদ্ধদ্বার কাণ্ড! মিঠুন চক্রবর্তীকে দেখতে সটান ছুটে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-টলিপাড়া থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক মহলে আচমকাই তীব্র চাঞ্চল্য! কলকাতার ইএম বাইপাসের ধারের পঞ্চসায়রের পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তীকে। এই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল ১১টা বেজে ৪০ মিনিট নাগাদ হাসপাতালের কেবিনে সরাসরি হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতার আচমকা হাসপাতালে ভর্তি এবং খোদ মুখ্যমন্ত্রীর সেখানে ছুটে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই জল্পনা তুঙ্গে ওঠে।

হাসপাতাল এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ভয়ের কোনো কারণ নেই, মিঠুন চক্রবর্তীর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার (Minor Surgery) সম্পন্ন হয়েছে। অতীতে তাঁর হাতে একটি অস্ত্রোপচার হয়েছিল এবং সেখানে একটি প্লেট বসানো ছিল। মূলত সেই প্লেটটি খোলার জন্যই চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবারই তাঁর এই ছোট অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণ চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।

খবর পাওয়া মাত্রই প্রটোকল ভেঙে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও। হাসপাতালের কেবিনে গিয়ে মিঠুন চক্রবর্তীর বেডের পাশে বসে বেশ কিছুক্ষণ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী।চিকিৎসকদের একটি দলের সাথেও তিনি কথা বলেন এবং চিকিৎসার সমস্ত আপডেট নেন।

হাসপাতাল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “খুবই ছোট একটা অপারেশন ছিল। উনি আসলে বিষয়টি নিয়ে হইচই চাননি, তাই এটা সবার সামনে আনা হয়নি। উনি এখন একদম ভালো আছেন, হাসিমুখে আমাদের সাথে কথাও বলেছেন।” মুখ্যমন্ত্রী আরও যোগ করেন যে, রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠনে এবং দলের রাশ শক্ত করতে মিঠুন চক্রবর্তীর অবদান অনস্বীকার্য, তাই তাঁর স্বাস্থ্যের বিষয়ে সরকার সর্বদা সজাগ।

মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সকালে বাইপাসের ধারের ওই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেছিলেন অনুগামীরা। তবে চিকিৎসকেরা স্পষ্ট জানিয়েছেন যে, এটি কোনো গুরুতর বিষয় বা হৃদরোগ সংক্রান্ত সমস্যা নয়। অস্ত্রোপচার পরবর্তী সমস্ত রুটিন পরীক্ষা স্বাভাবিক এলে খুব দ্রুতই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

Exit mobile version