Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘মোদি-মমতা সেটিং’, বাংলায় দাঁড়িয়ে দুই ফুলকে বিঁধে বিস্ফোরক রাহুল! তোলপাড় রাজ্য রাজনীতি!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভা নির্বাচনের আবহে উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে তৃণমূল এবং বিজেপি—উভয় পক্ষকেই নজিরবিহীন আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে রাহুল দাবি করেন, দুই দলই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাঁর অভিযোগ, একদিকে যেমন মোদি দেশে শিল্প ধ্বংস করেছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে গিয়েছেন।

রায়গঞ্জের সভা থেকে রাহুল গান্ধী অত্যন্ত কড়া ভাষায় বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন দিয়েছে খোদ তৃণমূল।” তাঁর দাবি, তৃণমূল যদি নিজের কাজ ঠিকমতো করত, তবে বাংলায় বিজেপির কোনো অস্তিত্বই থাকত না। রাহুল সরাসরি অভিযোগ করেন, কেন্দ্র টাকা দিচ্ছে না—এই অজুহাত দেখিয়ে তৃণমূল সরকার রাজ্যের মানুষের জন্য কোনো কাজ করছে না।

রাজ্যের একাধিক আর্থিক কেলেঙ্কারি নিয়ে সরব হয়ে রাহুল মনে করিয়ে দেন, “এখনও সারদা ও রোজভ্যালি কাণ্ডে প্রতারিত হওয়া সাধারণ মানুষ তাঁদের কষ্টের টাকা ফেরত পাননি।” তৃণমূল ও বিজেপি দুই দলকেই ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, মানুষ দুই পক্ষের দুর্নীতির চক্রে পিষ্ট হচ্ছে।

এদিন রাহুলের বক্তব্যে উঠে আসে রাজনৈতিক হিংসার প্রসঙ্গও। তিনি অভিযোগ করেন, “তৃণমূলের গুন্ডারা কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।” তৃণমূল এবং বিজেপি উভয় দলই রাজ্যে সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে বলে দাবি করেন তিনি। রাহুলের বক্তব্য অনুযায়ী, রাজ্যে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে এবং দুই পক্ষই কেবল পারস্পরিক দোষারোপের রাজনীতিতে ব্যস্ত।

অর্থনৈতিক ক্ষেত্রে মোদি ও মমতাকে একাসনে বসিয়ে রাহুল বলেন, মোদিজি দেশের বড় বড় শিল্পপতিদের সুবিধা করে দিতে গিয়ে সাধারণ শিল্প ব্যবস্থা ধ্বংস করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পশ্চিমবঙ্গ থেকে শিল্প মুখ ফিরিয়ে নিয়েছে।

রাজনৈতিক মহলের মতে, রাহুলের এই আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দিল যে বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় কংগ্রেস এখন দুই শিবিরকেই সমদূরত্বে রেখে লড়াইয়ের ময়দানে নামছে।

Exit mobile version