Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় পা রাখতেই শোরগোল! ৩ দিনের সফরে বর্ধমানে আরএসএস প্রধান মোহন ভাগবত, নজরে মেগা অ্যাকশন প্ল্যান!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাংগঠনিক শক্তি ও আগামী দিনের রণকৌশল চূড়ান্ত করতে ৩ দিনের মেগা সফরে পশ্চিমবঙ্গে পা রাখলেন সঙ্ঘ প্রধান (সরসঙ্ঘচালক) মোহন ভাগবত। আজ, ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকালে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি তাঁর এই সফরের মূল কেন্দ্রবিন্দু পূর্ব বর্ধমান জেলায় রওনা হন। রাজনৈতিক ও প্রশাসনিক পটপরিবর্তনের (বিজেপি সরকার গঠন করার) পর মোহন ভাগবতের এই প্রথম সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির অন্দরে চরম শোরগোল ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। ৩ দিন ব্যাপী বর্ধমানের এই কর্মসূচিতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সঙ্ঘের অভ্যন্তরীণ সূত্রের খবর, বর্ধমানে আয়োজিত আরএসএস-এর এই রুদ্ধদ্বার মেগা বৈঠকে পশ্চিমবঙ্গের তিনটি প্রধান সাংগঠনিক প্রান্ত—উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভাগীয় ও উচ্চস্তরের সমস্ত পদাধিকারীদের জরুরি তলব করা হয়েছে। ১৯২৫ সালের বিজয়া দশমীতে আরএসএস-এর প্রতিষ্ঠা হয়েছিল। সেই হিসেবে দেশজুড়ে সঙ্ঘের যে ‘শতাব্দী বর্ষ’ উদযাপন ও সামাজিক জনসংযোগ বৃদ্ধির বিশেষ মেগা ড্রাইভ চলছিল, তার প্রত্যক্ষ ফল এবং অগ্রগতির খতিয়ান এবার সরাসরি বুঝে নেবেন মোহন ভাগবত। গত এক বছরে এই পরিবর্তিত রাজনৈতিক আবহাওয়ায় বাংলায় আরএসএস-এর নতুন শাখার সংখ্যা কত বাড়ল এবং সাংগঠনিক কাঠামো কতটা মজবুত হলো, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আজই সঙ্ঘ প্রধানের সামনে পেশ করা হবে। ৩ দিনের এই ঠাসা সূচিতে শুধুমাত্র রুদ্ধদ্বার বৈঠকই নয়, বরং স্বয়ংসেবকদের চাঙ্গা করতে একটি বিশেষ ‘একত্রীকরণ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মধ্যবঙ্গের একটি নির্দিষ্ট বিভাগের স্বয়ংসেবকরা এই কর্মসূচিতে ডাক পেয়েছেন, যেখানে সঙ্ঘ প্রধান নিজে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা ও ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট গাইডলাইন দেবেন।

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয়তাবাদী ভাবধারাকে আমজনতার কাছে আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া এবং সর্বস্তরে জনসংযোগ বৃদ্ধি করার জন্য একটি নিখুঁত ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি হবে এই ৩ দিনে। আগামী শনিবার (১০ অক্টোবর) সকালে বর্ধমানে আর এক প্রস্থ বৈঠক সেরে তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখান থেকে ঝাড়খণ্ডের ঝাড়সুগদায় যাবেন। আরএসএস প্রধানের এই সফর সম্পূর্ণ সাংগঠনিক হলেও, বর্তমান পরিস্থিতিতে এর সুদূরপ্রসারী গুরুত্ব রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Exit mobile version