প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য রাজনীতিতে বড়সড় ওলটপালটের পর এবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)-এর রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র জল্পনা তৈরি হলো। লোকসভায় তৃণমূলের দুই-তৃতীয়াংশ সাংসদ দল ছেড়ে বেরিয়ে নতুন দল গঠন করার পর দেব আসলে কোন দিকে—বিদ্রোহী ‘NCPI’ (ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া) নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’ শিবিরে? এই প্রশ্ন এড়িয়ে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে চরম ধোঁয়াশা জিইয়ে রাখলেন এই অভিনেতা-সাংসদ।
রাজনৈতিক সূত্রে খবর, সম্প্রতি দিল্লিতে আয়োজিত এনডিএ (NDA)-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না দেব। শুধু তাই নয়, ওই একই দিনে বিদ্রোহী NCPI সাংসদদের যে সমন্বয় বৈঠকটি অনুষ্ঠিত হয়, সেখানেও দেব গরহাজির ছিলেন। অন্যান্য শীর্ষ নেতারা যখন বৈঠকে হাজির ছিলেন, তখন দেবের এই অনুপস্থিতি জল্পনার পারদ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মোট ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রায় ২০ জন সাংসদ স্পিকার ওম বিড়লার কাছে দলত্যাগের চিঠি দিয়ে ‘NCPI’ নামক নতুন দল গঠন করেন। দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে তাঁরা দুই-তৃতীয়াংশ সাংসদের দলবদলের আইনি কৌশল ব্যবহার করেছিলেন।প্রাথমিকভাবে শোনা গিয়েছিল সেই ২০ জন সাংসদের তালিকায় দেবের সইও ছিল। তবে কিছুদিন আগেই দেব সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, “যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি ওঁর সঙ্গেই আছি”। কিন্তু বর্তমান রাজনৈতিক সমীকরণে দেবের সাম্প্রতিক পদক্ষেপ ও দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠকগুলি এড়িয়ে চলা সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। এই তীব্র ধোঁয়াশার মাঝে অভিনেতা নিজেকে আগামী দিনে কোন অবস্থানে নিয়ে যান, সেদিকেই নজর গোটা বাংলার।
