Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নাগরিক সমস্যার সরাসরি সমাধানে এবার ‘মুখোমুখি’ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ৪ জুলাই থেকে রাজ্যে নতুন জনসংযোগ কর্মসূচি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের পুর এলাকাগুলির নাগরিক পরিষেবা আরও উন্নত, স্বচ্ছ এবং গতিশীল করতে এক বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে আগামী ৪ জুলাই থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে এক বিশেষ জনসংযোগ কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে ‘মুখোমুখি’। এই কর্মসূচির মাধ্যমে খোদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরাসরি ফোনে নাগরিকদের সঙ্গে কথা বলবেন এবং সমস্যার দ্রুত নিষ্পত্তি করবেন।

সম্প্রতি আসানসোলে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে এই বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন। তিনি জানান, রাজ্যের সাধারণ মানুষ যাতে তাঁদের পুর পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলির বিষয়ে সরাসরি সর্বোচ্চ স্তরে যোগাযোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই পরিকল্পনা। দফতর সূত্রে জানা গেছে, আগামী ৪ জুলাই থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। প্রথম পর্যায়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) এলাকার বাসিন্দারা এই সুবিধা পাবেন। প্রতি শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে এবং এই নির্দিষ্ট সময়ে কলকাতার সাধারণ নাগরিকরা সরাসরি পুরমন্ত্রীকে ফোনে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিয়ে যাত্রা শুরু হলেও, পর্যায়ক্রমে এই পরিষেবা রাজ্যের অন্যান্য বড় পুরনিগম এলাকাতেও সম্প্রসারিত করা হবে। কলকাতা সংলগ্ন বিধাননগর ও হাওড়া ছাড়াও আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দাদের জন্যও খুব শীঘ্রই সপ্তাহে আলাদা আলাদা দিন ও সময় নির্ধারণ করা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন।

জলনিকাশি, রাস্তাঘাট মেরামত, জঞ্জাল সাফাই বা অন্যান্য পুর পরিষেবা সংক্রান্ত যে কোনও গাফিলতি রুখতে এবং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমিয়ে আনতেই সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ। রাজনৈতিক মহলের মতে, এই ‘মুখোমুখি’ কর্মসূচির ফলে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে পুর প্রশাসন আরও বেশি দায়বদ্ধ ও তৎপর হয়ে উঠবে।

Exit mobile version