প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ও নিয়মানুবর্তিতা ফিরিয়ে আনতে এক বেনজির ও কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। সম্প্রতি নবান্নের তরফে সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা এবং বেরোনোর সময় নির্দিষ্ট করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছিল। গতকাল অর্থাৎ এই নতুন নিয়ম কার্যকরের প্রথম দিনেই নবান্ন সহ বিভিন্ন সরকারি দপ্তরে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল। নতুন সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে সমস্ত সরকারি কর্মীকে দপ্তরে প্রবেশ করতে হবে। এই সময়সীমা মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে, বিকেল ৫টা ১৫ মিনিটের আগে কোনো কর্মী অফিস থেকে বেরোতে পারবেন না বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে। সরকারি কাজের গতি বাড়াতে এবং সাধারণ মানুষের পরিষেবা সুনিশ্যিত করতেই এই কড়া অবস্থান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আজ সকাল থেকেই এই নতুন নিয়মকে কেন্দ্র করে প্রশাসনিক অলিন্দে এক টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। কড়াকড়ির আশঙ্কায় সিংহভাগ কর্মচারীই নির্ধারিত সময়ের অনেক আগে, ঘড়ির কাঁটা মিলিয়ে দপ্তরে পৌঁছে যান। তবে নিয়মের প্রথম দিনে কিছু ব্যতিক্রমী চিত্রও নজর কেড়েছে। ঘড়িতে ১০টা ১৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও বেশ কিছু কর্মীকে কিছুটা দেরিতে অফিসে ঢুকতে দেখা যায়। এমনকি সকাল ১০ টা ৪৮ মিনিট পর্যন্ত কর্মচারীদের দপ্তরে প্রবেশের সিলসিলা জারি ছিল। প্রথম দিনে এই দেরিতে আসার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক অন্দরে আলোচনা শুরু হয়েছে।
তবে এই কড়া নিয়মের যৌক্তিকতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, সরকারি কর্মচারীদের একটি বড় অংশই প্রশাসনের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। কর্মসংস্কৃতি রক্ষার্থে নিয়মানুবর্তিতার এই পাঠকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এখন দেখার, আগামী দিনগুলিতে এই কড়া নির্দেশিকা সরকারি কাজের গতি কতটা ত্বরান্বিত করতে পারে।
