Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’— ফের বিস্ফোরক নন্দীগ্রামের প্রলয়! দলের শুদ্ধিকরণের ডাক না কি অশনি সংকেত?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজনীতির ময়দানে ‘স্পষ্টবক্তা’ হওয়ার মাশুল কি তবে সত্যিই বড় চড়া? নাকি ক্ষমতায় আসার পর দলের অন্দরে জমে ওঠা মেদ ঝেড়ে ফেলার এটাই একমাত্র উপায়? শনিবার নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পালের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ঠিক এই প্রশ্নটাই এখন রাজ্য-রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছে। মাত্র কয়েক দিন আগেই নিজের দলের অন্দরেই ‘এসআইআর’ (SIR – Special Intensive Revision) বা বিশেষ নিবিড় শুদ্ধিকরণের দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন প্রলয়। সেই রেশ কাটতে না কাটতেই এদিন ফের ফেসবুকে তাঁর ইঙ্গিতপূর্ণ কলম ঝলসে উঠল। লিখলেন— “প্রতিবাদ করতে ভয় পাও? আমি তো পাই না। কারণ খুব বেশি ক্ষতি হলে মৃত্যু হবে, যাকে আমি ভয় পাই না।”

রাজনৈতিক মহলের মতে, প্রলয় পালের এই পোস্ট নিছক কোনো আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এর শিকড় অনেক গভীরে। রাজ্যে পালাবদলের পর বর্তমান বিজেপি সরকারের আমলে নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুর জেলায় ‘আদি বনাম নব্য’ দ্বন্দ্ব যে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে, তা আর গোপন নেই। গত ১৭ নভেম্বর প্রলয় তাঁর ফেসবুক ওয়ালে লিখেছিলেন, “চোরেরা কনভার্ট হচ্ছে— জয় বাংলা ছেড়ে জয় শ্রীরাম! দ্রুত এসআইআর-এর প্রয়োজন রয়েছে দলেই।” তাঁর এই মন্তব্যের নিশানায় কারা ছিলেন, তা বুঝতে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয়নি। বিগত জমানায় যাঁদের বিরুদ্ধে দুর্নীতি বা তোলাবাজির অভিযোগ উঠেছিল, তাঁদের একাংশ এখন শাসক শিবিরে ভিড়ে ছড়ি ঘোরাচ্ছেন— এমনই ক্ষোভ জমেছে দলের পুরনো ও নিবেদিতপ্রাণ কর্মীদের মনে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রাম থেকেই এই সুর চড়ায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে।

১৭ তারিখের পোস্টের পর দলের জেলা নেতৃত্ব প্রকাশ্যে মুখ না খুললেও, শনিবারের পোস্টে ‘মৃত্যু ভয় না পাওয়া’র কথা উল্লেখ করায় নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে কি দলীয় অন্দরের অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায় প্রলয়কে কোনোভাবে চাপ বা হুমকির মুখে পড়তে হয়েছে? যদিও এ বিষয়ে সরাসরি কারও নাম নেননি প্রলয়। সংবাদমাধ্যমের সামনে তাঁর সাফ জবাব, “স্পষ্ট কথা বললে অনেকের সঙ্গে শত্রুতা বাড়ে। আমি সত্যি কথা বলতে কাউকে ভয় পাই না। তবে সত্যি কথা বললে অনেকের কাছেই খারাপ হতে হয়।”

শাসক দলের অন্দরের এই টানাপোড়েনকে হাতছাড়া করতে রাজি নয় বিরোধীরা। সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যে সরকারের রঙ বদলালেও নিচুতলায় পুরনো সংস্কৃতিই বহাল রয়েছে, আর তাই আদি বিজেপি নেতারা কোণঠাসা হয়ে বিদ্রোহ করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বিষয়টিকে অন্যভাবে দেখছেন। তাঁদের মতে, ক্ষমতায় আসার পর যেকোনো বড় রাজনৈতিক দলের অন্দরেই সুযোগসন্ধানীদের ভিড় বাড়ে। প্রলয় পালের এই বার্তাকে দলের প্রতি বিদ্রোহ হিসেবে না দেখে, বরং দলের স্বার্থেই এক ধরনের ‘আত্মসমালোচনা’ বা ‘সতর্কবার্তা’ হিসেবে দেখা উচিত। সময় থাকতে সংগঠনকে কলুষমুক্ত না করলে আগামী দিনে তা শাসক দলের জন্যই বুমেরাং হতে পারে— নন্দীগ্রামের মাটি থেকে প্রলয় পাল যেন শীর্ষ নেতৃত্বকে সেই আয়নাটাই দেখানোর চেষ্টা করলেন।

Exit mobile version