প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গে ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে চলা আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার বিধানসভায় বড়সড় বিকল্প প্রস্তাব রাখলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকি। রাজ্যে পাশ হওয়া নতুন ওবিসি বিলের বিরোধিতা করার পাশাপাশি, সংরক্ষণ ব্যবস্থাকে আইনি দিক থেকে নিশ্ছিদ্র ও মজবুত করতে কেরল ও তামিলনাড়ু মডেল অনুসরণের দাবি তুললেন ভাঙড়ের বিধায়ক।
বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভার অন্দরে বক্তব্য রাখার সময় নৌশাদ সিদ্দিকি স্পষ্ট ভাষায় জানান, কোনোভাবেই ধর্মের ভিত্তিতে ওবিসি তালিকা তৈরি বা সংরক্ষণ করা উচিত নয়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করলে তা আইনি স্ক্রুটিনির মুখে টিকবে না এবং আখেরে অনগ্রসর শ্রেণির মানুষেরাই বিপদে পড়বেন। তাঁর দাবি, দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট গাইডলাইন এবং আইনি নিয়মাবলী মেনেই এই পুরো সংরক্ষণ প্রক্রিয়াটি সম্পন্ন করা দরকার।
রাজ্য সরকারের উদ্দেশে নৌশাদ সিদ্দিকি পরামর্শ দেন, ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেরল এবং তামিলনাড়ু রাজ্যের সফল মডেল গভীরভাবে খতিয়ে দেখা। কারণ ওই দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে সংরক্ষণ ব্যবস্থা অত্যন্ত সুসংহত এবং তা আইনি দিক থেকেও সম্পূর্ণ সুরক্ষিত। তাড়াহুড়ো করে বা ভোটের রাজনীতির সমীকরণ না মিলিয়ে, সংবিধানের কাঠামো মেনে বাংলায় ওবিসিদের প্রকৃত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানান আইএসএফ বিধায়ক।
