Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রণক্ষেত্র ধর্মতলা! নিট কাণ্ডে কলকাতায় পুলিশের বেপরোয়া লাঠিচার্জ-কাঁদানে গ্যাস, পুলিশকে লক্ষ্য করে বোতল-জুতো বৃষ্টি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নিট (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদের আগুন এবার আছড়ে পড়ল খাস কলকাতার বুকে। আজ, শুক্রবার বিকেলে বামপন্থী একাধিক ছাত্র সংগঠন এবং ককরোচ জনতা পার্টির (CJP) যৌথ ডাকে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছাতেই আন্দোলনকারীদের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদের মধ্যে এক নজিরবিহীন খণ্ডযুদ্ধ বেঁধে যায়, যা কার্যত রণক্ষেত্রের রূপ নেয়।

মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনির অভিযোগে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আজ রাস্তায় নামেন হাজার হাজার ছাত্র-যুব। রানি রাসমণি অ্যাভিনিউতে অবস্থান করার উদ্দেশ্যে মিছিলটি ডোরিনা ক্রসিংয়ের দিকে এগোলে পুলিশ শক্ত ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। ক্ষুব্ধ আন্দোলনকারীরা সেই পুলিশি ব্যারিকেড ভেঙে ধাক্কাধাক্কি শুরু করলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এবং মুহুর্মুহু কাঁদানে গ্যাসের (Tear Gas) সেল ফাটায় ও জলকামান ব্যবহার করে। এর জবাবে ক্ষিপ্ত বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, লাঠি ও জুতো ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। ব্যাপক লাঠিচার্জের জেরে বেশ কয়েকজন ছাত্র গুরুতর জখম হয়েছেন এবং পুলিশ বেশ কিছু আন্দোলনকারীকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করেছে। বর্তমানে গোটা ধর্মতলা চত্বরজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী এলাকা নিয়ন্ত্রণে নামানো হয়েছে।

Exit mobile version