Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নেতাজী ইন্ডোরের সভায় হঠাৎ কি হলো? পুলিশ থেকে পার্টি, সবাইকেই ধমকালেন মমতা!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ তৃণমূলের বিএলএদের নিয়ে নেতাজী ইন্ডোরে একটি সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি থেকে শুরু করে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। কিন্তু সেই সভার মাঝপথেই ঘটে যায় মাইক বিভ্রাট। আর তাতেই চরম অসন্তুষ্ট হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে যারা মাইকের দায়িত্বে রয়েছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেন তিনি। শুধু তাই নয়, পুলিশ শুরু করে দলের যারা দায়িত্বে রয়েছেন, তারা কেন আগে থেকে সাউন্ড চেক করে নেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ২৬ এর নির্বাচনের আগে যথেষ্ট চাপে রয়েছেন, তা তার বক্তব্য থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। আজ তৃণমূলের যারা বিএলএ রয়েছেন, তাদের নিয়ে নেতাজী ইন্ডোরে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় তিনি একাধিকবার দেখেন যে, মাইকের বিভ্রাট হচ্ছে। আর তারপরেই রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রকাশ্য মঞ্চেই যারা এই মাইকের দায়িত্বে রয়েছেন, তাদের ধমক দেন তিনি।

এদিন নেতাজি ইন্ডোরের সভায় বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করেই ছন্দপতন ঘটে। আর তখনই মাইক বিভ্রাট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইন্ডোরে যারা কাজ করছেন, আমি বারবার দেখছি, প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গিয়েছি। আজকেও দেখছি। এবার কিন্তু আমি অ্যাকশন নেব বলে দিলাম। টাকা নিয়ে কাজ করেন আপনারা। সেটা আপনার প্রাপ্য। কিন্তু আপনারা তো সার্ভিসটা দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না, যারা দায়িত্বে থাকে! আর পার্টিরও যারা দায়িত্বে থাকে, তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আগে মাইক ঠিক হলে আমাকে বলবেন, শুনতে পাচ্ছেন কিনা।”

Exit mobile version