Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নেতাজি অবমাননায় সাঁড়াশি অভিযান! রাজবংশী নেতা অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR, রাজ্যজুড়ে ধৃত ৫!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে অবশেষে আইনি জালে জড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ। ভিডিও বার্তা প্রকাশ করে দুঃখপ্রকাশ করলেও শেষরক্ষা হলো না তাঁর। ফরওয়ার্ড ব্লক নেতার লিখিত অভিযোগের ভিত্তিতে এবার সরাসরি এই রাজবংশী নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় লিখিত এফআইআর (FIR) দায়ের করল কোচবিহার জেলা পুলিশ।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জিরো টলারেন্স’ বার্তার পর, রাজ্যজুড়ে নেতাজি অবমাননাকারীদের বিরুদ্ধে পুলিশের এক নজিরবিহীন ও বড়সড় অ্যাকশন শুরু হয়েছে।

কোচবিহারের পুলিশ সুপার মণীশ যোশী জানিয়েছেন, গত ৭ আগস্ট কোচবিহারের ১০ নম্বর ওয়ার্ডের এক স্থানীয় বাসিন্দার দেওয়া অভিযোগের ভিত্তিতেই অনন্ত মহারাজের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৯৬ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো), ২৯৯ (ধর্মীয় ভাবাবেগে আঘাত) এবং ৩৫৩ (গুজব ছড়িয়ে অশান্তি পাকানো) ধারায় মামলা রুজু করা হয়েছে। গতরাত পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ অভিযানে নেতাজি অবমাননার মামলায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে নিশিগঞ্জের স্কুল শিক্ষক উত্তম বর্মন এবং উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে গ্রেফতার হওয়া অনন্ত মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ গ্রেটার কোচবিহার নেতা কিরণ কুমার দাসও রয়েছেন।সোশ্যাল মিডিয়ায় দেশনায়কের প্রতি কুরুচিকর পোস্ট, ট্রোলিং এবং ইতিহাস বিকৃতির অভিযোগে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এখনও পর্যন্ত মোট ৯টি এফআইআর (FIR) রুজু করেছে পুলিশ প্রশাসন। এর মধ্যে রাজ্য সাইবার সেল ও জেলা পুলিশের তৎপরতায় প্রায় ২৮২টি আপত্তিকর পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নবান্নের তরফে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করার পর, আইনি গ্রেফতারির খাঁড়া সরাসরি নিজের দিকে ধেয়ে আসতে দেখে রাতেই একটি ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেন সাংসদ। তিনি সেটিকে ‘অনিচ্ছাকৃত বক্তব্য’ বলে দাবি করলেও, অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক এবং একাধিক দেশপ্রেমী সংগঠন তাঁর এই ক্ষমাপ্রার্থনাকে লোকদেখানো বলে খারিজ করে দিয়েছে।আজ সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওঁর বয়সের কথা মাথায় রেখে উনি নিজে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন সেটা ভালো কথা, কিন্তু আইন সবার জন্য সমান। পুলিশ আধিকারিকরা স্পষ্ট করেছেন যে এফআইআর দায়েরের পর মামলার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version