Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিরাট স্বস্তি! নিউ ফরাক্কায় ধস মেরামতের পর সফল ট্রায়াল রান! আজই ট্রেন চালুর সম্ভাবনা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একটানা প্রবল বর্ষণের জেরে মালদা ডিভিশনের তিলডাঙা এবং নিউ ফরাক্কা স্টেশনের মাঝে রেললাইনের নীচে যে ভয়াবহ ধস নেমেছিল, তা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের পর অবশেষে ট্রায়াল রান শুরু করল রেল কর্তৃপক্ষ। আজ, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর রেললাইনের স্থায়িত্ব ও নিরাপত্তা পরীক্ষা করতে এই বিশেষ ট্রায়াল সম্পন্ন করা হয়েছে। লাইন মেরামতের কাজ শেষ হতেই ট্র্যাকে প্রথমে একটি ওএইচই ইন্সপেকশন কার (OHE Inspection Car) এবং পরবর্তীতে মালগাড়ি (Goods Train) চালিয়ে সফলভাবে ট্রায়াল রান করা হয়।

ধসের গভীরতা এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সফল ট্রায়াল রানের সম্পূর্ণ রিপোর্ট অত্যন্ত দ্রুত পূর্ব রেলের (Eastern Railway) সদর দফতরে পাঠানো হচ্ছে। রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞরা সেই ফিটনেস রিপোর্ট খতিয়ে দেখেই মেল ও এক্সপ্রেস ট্রেন চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে রেল সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এবং রিপোর্ট ইতিবাচক হলে আজ শনিবারের মধ্যেই এই লাইনে পুনরায় সাধারণ ট্রেন চলাচল শুরু হতে পারে।

গত বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে আপ লাইনের নীচের মাটি ও ব্যালাস্ট ধসে যাওয়ার কারণে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সাথে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। নিরাপত্তার স্বার্থে বন্দে ভারত, পদাতিক এবং দার্জিলিং মেলের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ও রুট ডাইভার্ট করতে বাধ্য হয়েছিল রেল কর্তৃপক্ষ। প্রায় ১৫০ জনেরও বেশি কর্মী এবং ইঞ্জিনিয়ারদের টানা চেষ্টার পর ট্র্যাকটিকে পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। ট্রায়াল রান সফল হওয়ায় চরম দুর্ভোগের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাজার হাজার যাত্রী।

Exit mobile version