প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কথা দিয়েছিলেন, কথা রাখলেন। শপথ গ্রহণের পর নবান্নে আয়োজিত প্রথম ক্যাবিনেট বৈঠকেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের সীমান্ত সমস্যা এবং অনুপ্রবেশ রুখতে এক বড় পদক্ষেপের ঘোষণা করলেন তিনি। সোমবার (১১ মে, ২০২৬) ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর (BSF) হাতে তুলে দেবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। সীমান্ত সুরক্ষিত রাখা আমাদের প্রথম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিয়েছি। প্রথম ক্যাবিনেট বৈঠকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে সমস্ত প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে”। তিনি আরও যোগ করেন যে, এই কাজের তদারকির জন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সীমান্তে কাঁটাতারের কাজের জন্য প্রায় ৬০০ একর জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।ভোটের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনের অনেক আগেই অর্থাৎ ৪৫ দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে চায় সরকার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ ৯টি সীমান্ত সংলগ্ন জেলায় যেখানে জমি জটে বেড়া দেওয়ার কাজ আটকে ছিল, সেখানে দ্রুত গতিতে কাজ শুরু হবে।
বিজেপির অভিযোগ ছিল, পূর্ববর্তী সরকার জমি দিতে অনীহা দেখানোর ফলে সীমান্তের বহু এলাকা অসুরক্ষিত থেকে গিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারের সময় বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ‘ডবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় এলে সীমান্তকে ‘দুর্ভেদ্য দুর্গ’ হিসেবে গড়ে তোলা হবে। আজ শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত সেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পথে প্রথম ও প্রধান ধাপ হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, প্রথম দিনই এমন কড়া পদক্ষেপে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে, রাজ্যের নিরাপত্তা এবং অনুপ্রবেশ দমনে কোনো রকম আপস করবে না নতুন সরকার।
