প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি। গত ১৬ মার্চ প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি ইতিমধ্যেই চমক দিয়েছে। এবার নজর বাকি ১৫০টি আসনের ওপর। সূত্রের খবর, দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য নেতৃত্বরা।
প্রসঙ্গত, প্রথম তালিকায় শুভেন্দু অধিকারী (ভবানীপুর ও নন্দীগ্রাম), দিলীপ ঘোষ (খড়গপুর সদর) এবং লকেট চট্টোপাধ্যায়ের মত হেভিওয়েটদের নাম ঘোষণা করা হয়েছে। আজকের বৈঠকে বাকি ১৫০ টি আসনের জন্য নাম চূড়ান্ত করা হচ্ছে বলে খবর। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, সম্ভবত আগামীকাল বৃহস্পতিবারই বিজেপির দ্বিতীয় তথা চূড়ান্ত দফার প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে।এখন প্রশ্ন হচ্ছে, কেন এই তালিকা বিশেষ গুরুত্বপূর্ণ?
বিজেপির ঘনিষ্ঠ সূত্রের দাবি, এবারের প্রার্থী নির্বাচনে ‘উইনেবিলিটি’ বা জেতার ক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভূমিপুত্র এবং সংগঠনের পুরোনো কর্মীদের ওপর বিশেষ ভরসা রাখছে দল। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে যেখানে দলের সংগঠন শক্তিশালী, সেখানে প্রার্থী নির্বাচনে কোনো ফাঁক রাখতে চাইছে না দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি কর্মীদের মধ্যে এখন একটাই উত্তেজনা— পরবর্তী তালিকায় কারা থাকছেন? টলিউডের কোনো বড় তারকা নাকি পোড়খাওয়া কোনো সাংগঠনিক মুখ? উত্তর জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।
