Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ঐতিহ্যের রাজতিলক: নবান্ন পর্ব শেষ করে ফের মহাকরণেই ফিরছে বাংলার নতুন সরকার?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান। বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলতেই এবার প্রশাসনিক স্তরেও বদলের হাওয়া। রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিপুল সাফল্যের পর, নতুন সরকারের প্রধান সচিবালয় ফের ‘রাইটার্স বিল্ডিংস’ বা মহাকরণেই হতে চলেছে বলে সূত্রের খবর। নবান্ন থেকে ক্ষমতা এবার ফের ফিরছে কলকাতার সেই ঐতিহ্যবাহী লাল বাড়িতেই।

বিজেপির এই জয়ের পর থেকেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে। দীর্ঘ সংস্কারের জন্য মহাকরণের কাজ চললেও, এখন তা দ্রুত ব্যবহারের উপযোগী করার তোড়জোড় শুরু করেছে গণপূর্ত দপ্তর (PWD)। সূত্রের খবর, পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ার ও পদস্থ প্রশাসনিক কর্তারা ইতিমধ্যেই ভবনটি পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের জন্য কোন জায়গায় দপ্তর তৈরি করা যায়, তা নিয়ে একটি ‘মাস্টার প্ল্যান’ তৈরি করা হয়েছে। আজ ফের ইঞ্জিনিয়ারদের একটি দল চূড়ান্ত পরিদর্শনে যেতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহাকরণ কেবল একটি অট্টালিকা নয়, এটি বাংলার প্রশাসনিক গাম্ভীর্যের প্রতীক। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার আগেই প্রশাসনিক তৎপরতা প্রমাণ দিচ্ছে যে, এবার এক নতুন কর্মসংস্কৃতির সূচনা হতে চলেছে। মহাকরণের কোন কোন ব্লক থেকে আপাতত সরকার চালানো সম্ভব এবং কোন ঘরে মুখ্যমন্ত্রী বসবেন, তা নিয়ে বিকল্প পরিকল্পনা সাজানো শেষ। খুব দ্রুত সেখানে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা ও প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কাজ সম্পন্ন হবে।

যেহেতু ভিভিআইপি মুভমেন্ট শুরু হতে চলেছে, তাই লালবাজারের পক্ষ থেকে মহাকরণের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে। পুলিশি বন্দোবস্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়েও দ্রুত রূপরেখা তৈরি করা হতে পারে বলে খবর।

২০১৩ সাল থেকে মহাকরণ কার্যত তার পুরনো জৌলুস হারিয়েছিল। কিন্তু রাজ্যে বিজেপির এই জয় এবং ক্ষমতায় আসার পথ সুগম হতেই, ফের সচল হতে চলেছে ডালহৌসির এই ঐতিহাসিক সচিবালয়। নতুনের আগমনে মহাকরণের অলিন্দে এখন শুধুই প্রত্যাশার প্রতিধ্বনি।

Exit mobile version