প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তার মধ্যেই সেই বিধানসভা ভোটের আগেই রয়েছে রাজ্যের পাঁচটি রাজ্যসভার আসনের নির্বাচন। যার মধ্যে চারটি আসনে তৃণমূল প্রার্থীদের জয়লাভ কার্যত নিশ্চিত। আর একটি আসনে নিজেদের পছন্দের প্রার্থী পাঠাবে বিজেপি। স্বাভাবিক ভাবেই বিধানসভা ভোটের আগে এই রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে কাকে কাকে প্রার্থী করা হয়, তার দিকে সকলের নজর ছিলো। অবশেষে সেই তালিকা কিছুক্ষণ আগেই প্রকাশ করলো রাজ্যের শাসক দল। আর সেই তালিকায় দেখা গেল একাধিক চমকপ্রদ নাম।
২৬ এর বিধানসভা নির্বাচন ঘিরে রীতিমত সরগম রাজ্য রাজনীতি। কোন দল কাকে কোথায় প্রার্থী করবে, তা নিয়ে চর্চার শেষ নেই। কোন আসনে কোন হেভিওয়েটকে প্রার্থী করা হবে, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে। আর তার মধ্যেই সামনেই পশ্চিমবঙ্গের রাজ্যসভার ভোট রয়েছে। আর সেই চারটি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলো তৃণমূল কংগ্রেস। যেখানে রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিক, যিনি বাংলার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে, তাকেও এবার রাজ্যসভার ভোটে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। যেখানে প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বর্তমান তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে। এছাড়াও সেই প্রার্থী তালিকায় নাম রয়েছে মেনকা গুরুস্বামীর। বিশেষজ্ঞরা বলছেন, এই বাবুল সুপ্রিয়র নাম যে বিধানসভার প্রার্থী তালিকায় থাকবে না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা চর্চা চলছে। সেদিক থেকে সেই বাবুল সুপ্রিয় যাতে মনক্ষুণ্ণ না হন, তার জন্যই তাকে এবার রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি যে রাজীব কুমারের বিরুদ্ধে বিজেপি থাকাকালীন দলদার হয়ে কাজ করার অভিযোগ তুলতেন বিরোধীরা, তৃণমূল সেই প্রাক্তন ডিজিপিকে প্রার্থী করে বিরোধীদের সেই অভিযোগেই সীলমোহর দিয়ে দিলো বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা। তবে তৃণমূলের এই প্রার্থী তালিকা ঘোষণার পর এবার বিজেপি তাদের প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করে, সেদিকেই নজর থাকবে সকলের।
