Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হাইভোল্টেজ ভোটের মাঝেই রণংদেহি শুভেন্দু! ওসির বিরুদ্ধে ‘গুন্ডামি’র মারাত্মক অভিযোগ তুলে সরাসরি সাসপেনশন দাবি বিরোধী দলনেতার!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রথম দফার বিধানসভা নির্বাচন চলাকালীনই অগ্নিগর্ভ মেদিনীপুর! রাজ্যের অন্যান্য প্রান্তে ভোট মোটের ওপর শান্তিতে চললেও, পশ্চিম মেদিনীপুরের পিংলায় পুলিশের ভূমিকা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পিংলা থানার ওসি (OC) চিন্ময় প্রামাণিকের বিরুদ্ধে সরাসরি ‘গুন্ডামি’র অভিযোগ এনে তাঁর অবিলম্বে অপসারণ ও সাসপেনশনের দাবি জানালেন তিনি।

আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদান প্রক্রিয়া তদারকি করার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেজাজ হারান শুভেন্দু। তিনি সাফ জানান, “রাজ্যের অনেক জায়গায় ভোট ভালো হচ্ছে, বেটার হচ্ছে। শুধু পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসি চিন্ময় প্রামাণিক ভীষণ গুন্ডামি করেছেন। এখনও করে চলেছেন। আমি ওঁর অবিলম্বে সাসপেনশন দাবি করছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেদিনীপুরের মাটিতে অধিকারীদের গড় হিসেবে পরিচিত এলাকায় পুলিশের কোনো ধরণের ‘অতিসক্রিয়তা’ বা ‘পক্ষপাতিত্ব’ শুভেন্দু সহজে মেনে নেবেন না, তা আজ তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট। ওসির বিরুদ্ধে ‘গুন্ডামি’র মতো শব্দ ব্যবহার করে তিনি আসলে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে একটি কড়া বার্তা দিতে চাইলেন।

একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে খোদ বিরোধী দলনেতার এমন নজিরবিহীন আক্রমণ নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। কমিশন কি শুভেন্দুর এই দাবির ভিত্তিতে পিংলার ওসির বিরুদ্ধে কোনো শো-কজ বা শাস্তিমূলক পদক্ষেপ নেবে? নাকি রাজ্য পুলিশ এই অভিযোগ উড়িয়ে দেবে? এই প্রশ্নেই এখন সরগরম পিংলা সহ গোটা মেদিনীপুর।

Exit mobile version