Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নামেই ‘বিরোধী’, কাজে ‘শূন্য’! হাইকোর্টের ১০ দিনের নিষেধাজ্ঞা কি বাংলার বিরোধী রাজনীতির কফিনে শেষ পেরেক?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শব্দটাই আপাতত নিষিদ্ধ হয়ে গেল! আগামী দশ দিনের জন্য পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে ‘বিরোধী দলনেতা’ শব্দবন্ধটি ব্যবহার করা যাবে না। শুক্রবার (২৭ নভেম্বর) কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের আজকের এই নির্দেশ কি নিছকই একটি আইনি প্রক্রিয়া? নাকি এটি বর্তমান বাংলার বিরোধী রাজনীতির দেউলিয়াপনার সবচেয়ে বড় প্রতীক? একটু তলিয়ে ভাবুন। যে রাজ্যে একসময় শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর ছাড়া বিধানসভার অধিবেশন কল্পনা করা যেত না, যে রাজ্যের বিধানসভায় একসময় বাম-কংগ্রেস কিংবা পরবর্তীকালে তদানীন্তন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারে কাঁপত ট্রেজারি বেঞ্চ—সেই রাজ্যে আজ প্রধান বিরোধী দলটিই দু’টুকরো! একদিকে মমতা-অভিষেকের ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, অন্যদিকে ঋতব্রত-ফিরহাদদের ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে বিশ্বাসঘাতক বলছে, এক শিবির অন্য শিবিরের বিধায়ক পদ খারিজ করতে সুপ্রিম কোর্টে ছুটছে, আর তার মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে গণতন্ত্রের মৌলিক কাঠামো। এই দীর্ঘস্থায়ী টানাপোড়েনের নিট ফল কী?

গত ৩ জুন থেকে আজ ২৭ নভেম্বর—প্রায় ছয় মাস ধরে অধ্যক্ষ রথীন্দ্র বসুর নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে পদে আসীন ছিলেন, আদালত তা বাতিল করে দেওয়ায় তাঁর ও তাঁর শিবিরের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বড়সড় প্রশ্নের মুখে পড়ল। সরকারি গাড়ি, দপ্তর এবং সাংবিধানিক মর্যাদা ভোগ করার পর আদালতের নির্দেশে পদ হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা। শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলায় অধ্যক্ষের নির্দেশ খারিজ হওয়ায় মমতা-অভিষেক শিবির সাময়িক স্বস্তি পেলেও, লড়াই এখানেই শেষ নয়। আগামী ১০ দিনে অধ্যক্ষের নতুন সিদ্ধান্ত যদি আবারও কোনও এক পক্ষের মনঃপুত না হয় এবং মামলা আবারও হাইকোর্ট-সুপ্রিম কোর্টে গড়ায়, তবে বিধানসভার আসন্ন অধিবেশন কার্যত বিরোধী দলনেতা ছাড়াই চলবে।

মে মাসের নির্বাচনে যাঁরা শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে একটি শক্তিশালী বিরোধী পক্ষ চেয়েছিলেন, আজ তাঁরা চরম হতাশ। সাধারণ মানুষ দেখছেন, যাঁরা ক্ষমতায় থাকাকালীন গণতন্ত্রের পাঠ দিতেন, বিরোধী আসনে বসে তাঁরা নিজেদের মধ্যে চেয়ার ভাগাভাগিই ঠিক করে উঠতে পারছেন না। শাসকদলের নীতির সমালোচনা করার চেয়েও তাঁদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে একে অপরকে টেক্কা দেওয়া। আদালত ১০ দিনের সময় দিয়েছে ঠিকই। কিন্তু এই দশ দিনে কি দুই তৃণমূলের নেতাদের শুভবুদ্ধির উদয় হবে? নাকি ১০ দিন পর অধ্যক্ষের নতুন সিদ্ধান্তকে ঘিরে আবারও শুরু হবে আইনি দড়ি টানাটানি? উত্তরটা সময়ের গর্ভে, তবে আপাতত বাংলার বিরোধী রাজনীতি যে কার্যত ‘আইসিইউ’-তে চলে গেল, তা নিয়ে সংশয়ের অবকাশ কম।

Exit mobile version