Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“অভিজ্ঞ রাজনীতিবিদ” মুকুল প্রয়াণে শ্রদ্ধা জানালেন দিলীপ ঘোষ!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে দীর্ঘ রোগভোগের পর গতকাল রাত দেড়টা নাগাদ সকলকে বিদায় জানিয়ে চলে গেলেন বাংলার রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়। একসময় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেছিলেন। তারপর ২০১৭ সালে বিজেপিতে যোগদান করেন তিনি। তবে বিজেপিতেও বেশি দিন থাকতে পারেনি মুকুল রায়। অনেকেই বলাবলি করেন যে, ভারতীয় জনতা পার্টিতে নিজের রাজনৈতিক কৌশল কাজে লাগিয়ে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে অনেক চেষ্টা করলেও, প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ এবং তার অনুগামীরা। আর তারপরেই ক্রমাগত বিজেপিতে কোণঠাসা হয়ে আবার নিজের পুরোনো ঘর তৃণমূল কংগ্রেসে ফেরেন মুকুল বাবু বলেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকার কারণে রাজ্য রাজনীতি থেকে অনেকটাই অন্তরালে চলে যান মুকুল বাবু। তবে রাজনীতিতে যাই হয়ে থাক না কেন, ব্যক্তি মুকুল রায়ের এই প্রয়াণের পরেই তার প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

এক সময় রাজ্য বিজেপিতে যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন, ঠিক সেই সময় পদ্মফুল হাতে নিয়েছিলেন মুকুল রায়। তারপর তার নেতৃত্বে রাজ্য বিজেপি ব্যাপক সাফল্য পায় ২০১৯ এর লোকসভা নির্বাচনে। কিন্তু তারপর ২০২১ এর বিধানসভা নির্বাচনে অনেক কিছুই নিজের মন মত করতে পারেনি মুকুলবাবু। অনেকেই বলেন, দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের প্রবল বনাবনির অভাব তৈরি হয়েছিল। আর সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হন। আর এই পরিস্থিতিতে সেই মুকুল রায়ের প্রয়াণে তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করলেন দিলীপ ঘোষ।

এদিন মুকুল রায়ের প্রয়াণে দিলীপবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “মুকুল রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু তিনি যখন বিজেপিতে এসেছিলেন, তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল। তিনি আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তারপর আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান। তবে বিগত দুই তিন বছর ধরে তিনি অসুস্থ ছিলেন এবং সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারেননি। তার আত্মার শান্তি কামনা করি।”

Exit mobile version