Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ক্ষমতা হারানোর পর প্রথম ভাইফোঁটাতেই ছন্দপতন! কালীঘাটে বন্ধ ‘দিদির’ ফোঁটা, ‘প্রতিবাদের তত্ত্ব’ উড়িয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ দেড় দশকের চেনা ছবিতে বড়সড় ছেদ পড়ল। ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যতিথিতে (বুধবার, ১১ নভেম্বর) কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এবার আর বসছে না ভাইফোঁটার আসর। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। তৃণমূল শিবির একে ‘পুলিশি জুলুমের প্রতিবাদ’ বলে দাবি করলেও, ক্ষমতা হারানোর পর দলের অভ্যন্তরীণ ভাঙন ও পারিবারিক বিচ্ছিন্নতা ঢাকতেই এই সিদ্ধান্ত বলে পাল্টা তোপ দেগেছে শাসকদল বিজেপি এবং রাজনৈতিক মহলের একাংশ।

মঙ্গলবার রাতে দলের তরফে কুণাল ঘোষ জানান, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তৃণমূল কর্মীদের ওপর যেভাবে হামলা, সন্ত্রাস এবং মিথ্যা মামলায় গ্রেফতারি চলছে, তার প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজয়া সম্মিলনী পালন করেননি এবং ভাইফোঁটার অনুষ্ঠানও বন্ধ রাখছেন। তবে কুণালের এই যুক্তিকে সরাসরি কটাক্ষ করেছে বর্তমান শাসকদল বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের মত শাসক দলের শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্তকে ঘিরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় বিঁধেছেন। বিজেপি শিবিরের দাবি, “ক্ষমতার অলিন্দ থেকে সরে যেতেই কালীঘাটের সেই চেনা ভিড় উধাও হয়ে গিয়েছে। ১৫ বছর ধরে যে নেতারা ফোঁটা নেওয়ার জন্য লাইন দিতেন, এখন তাঁদের অনেকেই শিবির বদলেছেন বা নিষ্ক্রিয়। ফোঁটা নেওয়ার মতো লোকের অভাব ঢাকতেই এখন প্রতিবাদের নাটক সাজানো হচ্ছে।” দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন, হাতে কোনো কাজ না থাকায় এখন কেবল পুরনো দিনের স্বপ্ন দেখাই বাকি রয়েছে।

রাজনৈতিক সমালোচকদের মতে, কালীঘাটের ভাইফোঁটা বন্ধ হওয়ার পেছনে কেবল রাজনৈতিক কারণ নয়, পারিবারিক দূরত্বও বড় ভূমিকা নিয়েছে। মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি সাফ জানান, “ফোঁটার জন্য ঠিকভাবে ডাকাই হয় না, ফোঁটা নিতে যাব কোথায়? এখন আর ডাকলেও যাব না।” তাৎপর্যপূর্ণভাবে, কালীপুজোর আবহে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের মণ্ডপে স্বয়ং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তা দিয়ে বাবুন প্রকাশ্যেই বলেছিলেন, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজের পাড়ায় এবং নিজের ভাইয়ের মুখে এই বক্তব্য তৃণমূল নেতৃত্বের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একসময় ভাইফোঁটার দিনে হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায়দের উপস্থিতি ছিল সংবাদের শিরোনামে। কিন্তু ২০২৬-এর মে মাসে বিধানসভা ভোটে পরাজয়ের পর দলের অন্দরেই তৈরি হয়েছে একাধিক সমীকরণ। ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের মতো প্রথম সারির নেতারা বর্তমানে দলের ভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকায় কালীঘাটের পুরনো সেই ‘ক্লোজ সার্কিট’ কার্যত ভেঙে পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কালীপুজোর জৌলুস ম্লান হওয়ার পর ভাইফোঁটার দরজা বন্ধ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন কর্মীদের প্রতি সহমর্মিতার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, তেমনই বিরোধীদের হাতেও তুলে দিয়েছেন আক্রমণের নতুন হাতিয়ার।

Exit mobile version