Site icon প্রিয় বন্ধু মিডিয়া

জার্সি বদলালেও স্বভাব বদলায়নি! তৃণমূল থেকে আসা দুষ্কৃতীদের দাপটে প্রাণ গেল আদি বিজেপি কর্মীর, গর্জে উঠলেন বিধায়ক রত্না দেবনাথ!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার মানুষ বুকভরা আশা নিয়ে রাজ্যে ক্ষমতার পরিবর্তন এনেছিলেন, যাতে বিগত ১৫ বছরের তোলাবাজি, সিন্ডিকেট আর বাহুবলী সংস্কৃতির চিরতরে অবসান ঘটে। কিন্তু ক্ষমতার পালাবদলের পর রাতারাতি রং বদলে যাঁরা তৃণমূলের সেই পুরনো বিষাক্ত সংস্কৃতি নিয়ে বিজেপির ছত্রছায়ায় আশ্রয় নিয়েছেন, এবার তাঁদেরই হাতে প্রাণ দিতে হলো দলের এক একনিষ্ঠ ও আদি কর্মীকে! উত্তর ২৪ পরগনার পানিহাটির দেশবন্ধুনগর এলাকার এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। নিহত আদি বিজেপি কর্মীর নাম অরূপ সাহা (৪৯)। তিনি পানিহাটির ঈশ্বর চ্যাটার্জি রোডের বাসিন্দা এবং বড়বাজারের এক প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী। দলের আদর্শ ও নীতি রক্ষা করতে গিয়ে এবং এক ব্যবসায়ীর ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই তৃণমূল-আগত দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন তিনি। এই নৃশংস ঘটনার পর অনুপ্রবেশকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে সরাসরি রণংদেহি মেজাজে গর্জে উঠেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার (১৪ নভেম্বর) রাতে। অভিযোগ, সদ্য দলবদল করে বিজেপিতে ঢোকা কয়েকজন যুবক পানিহাটি ১ নম্বর মণ্ডল এলাকায় এক ব্যবসায়ীর ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে। বিজেপির নীতি ও আদর্শের পরিপন্থী এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন দলের দীর্ঘদিনের লড়াকু নেত্রী তথা পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। রুমা সাহার অভিযোগ, অন্যায়ের প্রতিবাদ করায় ওই নব্য-বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই সময় বিষয়টি মিটে গেলেও, গভীর রাতে চক্রান্ত করে তাঁকে ফের বাজারে ডেকে পাঠানো হয়। রাত হয়ে যাওয়ায় স্ত্রী রুমা সাহার নিরাপত্তার কথা ভেবে সঙ্গে যান তাঁর স্বামী তথা দলের নিবেদিতপ্রাণ কর্মী অরূপ সাহা। সেখানে পৌঁছানো মাত্রই ওই দুষ্কৃতীরা রুমা সাহার সঙ্গে ফের দুর্ব্যবহার শুরু করে বলে অভিযোগ। স্ত্রীকে অপমানের হাত থেকে বাঁচাতে এগিয়ে গেলে ওই নব্য-আগত দুষ্কৃতীরা অরূপ সাহার বুকে সজোরে আঘাত করে এবং তাঁকে মারধর করে। বাড়ি ফেরার পরই তীব্র বুকে ব্যথা ও বমি শুরু হয় অরূপ সাহার। দ্রুত তাঁকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিবার (১৫ নভেম্বর) ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বামীকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়া মণ্ডল সম্পাদক রুমা সাহা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রকৃত বিজেপি কর্মীরা কখনোই এমন কাজ করতে পারেন না। তাঁর সাফ অভিযোগ, “তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন, সেই দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।” খবর পেয়েই এক মুহূর্ত দেরি না করে ঘটনাস্থলে ছুটে যান পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। দলের এক নিবেদিতপ্রাণ আদি কর্মীর এই অকালমৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে তিনি সরাসরি ওই দলবদলুদের মুখোশ খুলে দেন। বিধায়কের তীব্র কটাক্ষ, “তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা আজ বিজেপিতে ঢুকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ওদের রক্তেই তোলাবাজি আর গুন্ডামি মিশে আছে। জেলা সভাপতি চণ্ডীচরণ রায় প্রতিটি ওয়ার্ডে একজন করে কনভেনর বসিয়েছেন, যাঁদের বেশিরভাগই তৃণমূল থেকে আসা। তাঁরাই দলবল নিয়ে এলাকায় অশান্তি পাকিয়ে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে।” বিধায়ক আরও জানান, দলের শৃঙ্খলা ভঙ্গকারী এই নব্য-আগত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পুরো বিষয়টি জানিয়েছেন।

পানিহাটির এই ঘটনার পর এলাকার আদি বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের মতে, কয়লা-বালি-তোলাবাজির সংস্কৃতি থেকে আসা তৃণমূলের এই উচ্ছিষ্ট অংশটিকে এখনই দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা প্রয়োজন। কারণ, সুশাসন ও পরিচ্ছন্ন রাজনীতির যে বার্তা নিয়ে বিজেপি রাজ্যে সরকার গড়েছে, তৃণমূল-আগত এই গুটিকয়েক দুষ্কৃতী সেই পবিত্র ভাবমূর্তিতে কালি ছেটানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আদি বিজেপি কর্মী ও সাধারণ মানুষের একটাই দাবি—দলের মুখোশ পরে থাকা তৃণমূল-আগত এই খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো অনুপ্রবেশকারী বিজেপির পবিত্র পতাকাকে ঢাল হিসেবে ব্যবহার করার সাহস না পায়।

Exit mobile version