প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে এক নজিরবিহীন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এক মাস ব্যাপী দেশব্যাপী এই মেগা কর্মসূচি পালিত হবে। দলীয় স্তরে এই বিশেষ কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এক সাংবাদিক বৈঠকে এই দেশব্যাপী অভিযানের রূপরেখা প্রকাশ করেন। প্রতি বছর মোদির জন্মদিনে বিজেপি ‘সেবা পাক্ষিক’ (Sewa Pakhwada) বা দুই সপ্তাহের কর্মসূচি পালন করলেও, এ বছর এর সময়সীমা বাড়িয়ে পুরো এক মাস করা হয়েছে।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৬ বছর বয়সে পদার্পণ করছেন। আগামী ৭ অক্টোবর ২০২৬ সালে সরকার প্রধান (Constitutional Head) হিসেবে জনসেবায় সফলভাবে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। ২০০১ সালের ৭ অক্টোবর তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এই ঐতিহাসিক ২৫ বছরের প্রশাসনিক যাত্রাপথকে উদযাপন করতেই মাসব্যাপী এই মেগা উদ্যোগ।
দলীয় সূত্রে জানা গেছে, এই এক মাসে মোট ১৩টি প্রধান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের প্রায় ১৪ লক্ষ আঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে কর্মীদের কাজের জন্য বিশেষ সম্মান জানানো হবে। প্রতিটি ব্লক স্তরে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং যুব মোর্চার উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। সরকারি প্রকল্প থেকে যারা বাদ পড়েছেন, তাদের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দিতে ব্লক স্তরে ১৫ দিনের একটি বিশেষ ক্যাম্প করা হবে। প্রধানমন্ত্রীর জন্মভিটে বাডনগর থেকে শুরু করে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসী (কাশী) পর্যন্ত বিশেষ জনসম্পর্ক যাত্রা বের করা হবে। অভিযানের শেষলগ্নে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট স্তরের সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে একটি বিশাল সমাবেশের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর জীবনের ২৫ বছরের প্রশাসনিক সাফল্য এবং জনসেবার ঐতিহ্যকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতেই এই মেগা ক্যাম্পেইন সফল করতে ঝাঁপিয়ে পড়ছে গেরুয়া শিবির।
