Site icon প্রিয় বন্ধু মিডিয়া

লালকেল্লায় বিশ্বশক্তিদের চরম হুঁশিয়ারি মোদীর! আত্মনির্ভরতা নিয়ে অন্য দেশের ওপর কেন চটলেন প্রধানমন্ত্রী?

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে বিশ্বরাজনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অবস্থান নিয়ে অত্যন্ত কড়া ও স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈশ্বিক সংকটের বাজারে অন্য কোনো দেশের উপর ভারতের যে আর কোনো নির্ভরতা থাকবে না, তা বিশ্বমঞ্চকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। লালকেল্লার ঐতিহাসিক মঞ্চ থেকে ভারতের স্বাধিকার ও সার্বভৌমত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে সরাসরি বলেন, “আমাদের আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন। আমাদের আত্মনির্ভর হওয়া দরকার। অন্য কারও উপর আমরা নির্ভর করে থাকব না”।

প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চের বর্তমান অস্থির পরিস্থিতির দিকে ইঙ্গিত করে স্পষ্ট জানান, বিশ্বজুড়ে সংকটের সময়ে কিছু রাষ্ট্র যেভাবে জ্বালানি তেল, সার, ওষুধ বা প্রযুক্তির মতো অত্যন্ত প্রয়োজনীয় সম্পদগুলিকে নিজেদের স্বার্থে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে, ভারত আর সেই নোংরা খেলার শিকার হবে না। মোদী স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেন, পৃথিবীতে অনেক জিনিসই হয়তো সাময়িকভাবে সস্তায় বা খুব সহজে অন্য দেশ থেকে পাওয়া যেতে পারে। কিন্তু তা দিয়ে কোনো রাষ্ট্রের নিজস্ব দীর্ঘমেয়াদি ক্ষমতা গড়ে ওঠে না। তাই সাময়িক সস্তার পিছনে না ছুটে দেশকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে ঘোষণা করেন, যখন বিশ্বের প্রতিটি দেশ কেবল নিজেদের স্বার্থ দেখছে, তখন ভারত আর বিশ্বশক্তির কাছে কেবল একটি পণ্য বিক্রির ‘বাজার’ হয়ে থাকবে না। ভারত এখন নিজে পণ্য উৎপাদন করবে এবং বিশ্বকে তা সরবরাহ করবে।

এই আত্মনির্ভরতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তার ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, আজ ভারত প্রতিরক্ষা খাতে নিজেদের দেশীয় উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে এবং ড্রোন প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে। এছাড়া সেমিকন্ডাক্টর এবং পারমাণবিক শক্তির ব্যবহার বাড়িয়ে ভারত জ্বালানি ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হতে চলেছে।

Exit mobile version